বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিসকাত (১৫) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঝর্ণা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত মিসকাত বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বন্ধুদের সাথে শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পাশের একটি ঝর্ণায় গোসল করতে নামে মিসকাতসহ ৫ থেকে ৬ জন শিক্ষার্থী। গোসল শেষে অন্যরা ওপরে উঠে এলেও মিসকাত নিখোঁজ হয়। পরে বন্ধুরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, বুধবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বৃহস্পতিবার সকালে ঝর্ণায় মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে পুলিশকে খবর দেন।
বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

