...|...|...

ঢাকা

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধর

জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ছবি: টাইমস টুডে

রাজবাড়ীতে মারধরের শিকার নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা তার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা অভিযোগ করেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে তাকে মারধর করা হয়েছে। বর্তমানে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ করে রাখা হয়েছে।

জাকিয়া সুলতানা বলেন, ২০১২ সাল থেকে রাজবাড়ী শহরের কাদেরিয়া সুপার মার্কেটের কাপড় বাজারে ব্যবসা করে আসছেন তিনি। তার সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টির সাথে বিরোধের জেরে গত ২৩ আগস্ট রাতে কয়েকজন ব্যক্তি তার দোকানে গিয়ে পেশিশক্তি প্রয়োগ করে বেতন আদায়ের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন জাকিয়া সুলতানা। তিনি দ্রুত তার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজবাড়ী কাপড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পরে তিনি রাজবাড়ী সদর থানায় মামলা করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা ঘটনার সাথে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, তার ব্যবসাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।