...|...|...

বিশ্ব

জ্বালানি তেলের দাম আরও বাড়াতে পারে: রুশ উপপ্রধানমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৩
Shares
জ্বালানি তেলের দাম আরও বাড়াতে পারে: রুশ উপপ্রধানমন্ত্রী

আলেকজান্ডার নোভাক। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীর পরিস্থিতির উন্নতি না হলে বৈশ্বিক বাজারে তেলের দাম চড়া থাকবে এবং তা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। তিনি জানিয়েছেন, বিশ্ববাজারে বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ লাখ থেকে ৬০ লাখ ব্যারেলের ঘাটতি রয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানা যায়, রুশ রাজনৈতিক টকশো ‘সোলোভিয়ভ লাইভ’-এ কথা বলতে গিয়ে নোভাক বলেন, তবে পারস্য উপসাগরীয় দেশগুলোর সরবরাহ স্বাভাবিক হলে বাজার এক থেকে দেড় বছরের মধ্যে পুনরায় ভারসাম্য ফিরে পেতে পারে।

নোভাক আরও সতর্ক করে বলেন, বাজার স্থিতিশীল রাখতে কৌশলগত তেল মজুত ব্যবহারের সক্ষমতা বিশ্বের এখন প্রায় ফুরিয়ে আসছে।

এছাড়া তিনি শোতে জানান, গত ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার একটি চুক্তি ঘোষণা করার পর—যে চুক্তির আওতায় রাশিয়া যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ করবে—তার ভিত্তিতে রুশ তেলবাহী প্রথম ট্যাংকার একটি রুশ বন্দর ছেড়ে গেছে।

এদিকে, এই চুক্তি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা। তারা সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে রাশিয়া যে রাজস্ব অর্জন করবে, তা মস্কোর ইউক্রেন যুদ্ধকে আরও দীর্ঘায়িত ও শক্তিশালী করতে সহায়তা করবে।