...|...|...

অন্যান্য

জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৪
Shares
জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট

ছবি: সংগৃহীত

জ্বালানি ক্রয় ও টেন্ডারে পুরনো চক্রের দাপট এখনো কমেনি। এ বিষয় নিয়ে সিঙ্গাপুরে একটি বৈঠক হচ্ছে।  ওই বৈঠক ঘিরে কমিশন ও স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। এনিয়ে তৈরি করা হয়েছে বিশ্লেষণধর্মী এই রিপোর্ট। 

কয়লা ধুলেও ময়লা যায়না।​ এই প্রবাদের প্রকৃষ্ট প্রমাণ এই যে, রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশের জ্বালানি আমদানির পুরনো ব্যাবসায়িক চক্রে বড় কোনো বদল আসেনি। 
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তার ঘনিষ্ঠতা ও প্রশাসনিক যোগাযোগ কাজে লাগিয়ে ড. এজাজুর রহমান একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। আওয়ামী লীগ আমল না থাকলেও এখনো তার প্রভাব বহাল রয়েছে বলে অভিযোগ উঠেছে। 
আন্তর্জাতিক সরবরাহকারীদের স্থানীয় প্রতিনিধিত্ব থেকে শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দরপত্র ও কার্যাদেশ—সবখানেই এই বলয়ের আধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে।

​এই পুরনো বলয়ের তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে সিঙ্গাপুরের একটি পাঁচতারা হোটেলে জ্বালানি আমদানি নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠক ঘিরে।

২০২৭ সালের জানুয়ারি-জুন মেয়াদের জ্বালানি আমদানির 'প্রিমিয়াম নেগোশিয়েশন মিটিং' ও সংশ্লিষ্ট পরিচালনাগত বিষয়ে আলোচনা করতে ২৩ থেকে ২৬ নভেম্বর সিঙ্গাপুরে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মধ্যস্থতাকারীরা এতে অংশ নিচ্ছেন।

​কার্যপত্র অনুযায়ী, বৈঠকে জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে জ্বালানি ক্রয়, কোন প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেবে, স্থানীয় ও বিদেশি এজেন্ট কারা হবে, জ্বালানির দর এবং সরবরাহের শর্ত নির্ধারণের মতো বিষয় রয়েছে। 
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আড়ালে জিটুজি টেন্ডারে অংশগ্রহণ, ব্যাবসায়িক সুবিধা বণ্টন এবং প্রিমিয়াম কমিশন ভাগাভাগি নিয়েও দেনদরবার চলছে। অভিযোগ রয়েছে, এজাজুর রহমান বৈঠকে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করছেন এবং কয়েকজনের হোটেল রুমে গিয়ে উপহারও দিচ্ছেন।

​সরকারি আদেশ অনুযায়ী, এই সফরের পুরো খরচ বিপিসিকে বহন করতে হবে। কর্মকর্তাদের দেশে ফিরে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম রয়েছে। ফলে সরকারি অর্থে আয়োজিত এই বৈঠকে কার সঙ্গে কী আলোচনা ও সিদ্ধান্ত হচ্ছে এবং তা পরবর্তী জ্বালানি আমদানিতে কী প্রভাব ফেলবে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি উঠেছে। একই বৈঠকে সরকারি কর্মকর্তা ও সম্ভাব্য ব্যাবসায়িক সুবিধাভোগীদের উপস্থিতি স্বার্থের সংঘাতের বিষয়টিকেও সামনে এনেছে।

বিপিসির তালিকাভুক্ত ১১টি আন্তর্জাতিক পরিশোধিত জ্বালানি সরবরাহকারীর মধ্যে অন্তত ছয়টির স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যাবসায়িক সংযোগ এজাজুর রহমানের মালিকানাধীন 'সেভেন মার্ক' ও 'ট্রান্সবাংলা কমোডিটিজ লিমিটেড'-এর সঙ্গে রয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, সেভেন মার্ক একটি অফশোর প্রতিষ্ঠান, যেখানে কালো টাকার লেনদেন হয়; এমনকি তাঁর আরেকটি শেল কোম্পানি থেকে বিদেশি এক ব্যক্তিকে ১৬ মিলিয়ন ডলার পাঠানোর অভিযোগও রয়েছে।

​সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সেভেন মার্কের সঙ্গে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড ও ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকু (বিএসপি) যুক্ত। অন্যদিকে ট্রান্সবাংলা কমোডিটিজের সঙ্গে পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড, পিটিটি ইন্টারন্যাশনাল ট্রেডিং, ভিটল এশিয়া ও সায়নোকেম ইন্টারন্যাশনাল অয়েল সম্পৃক্ত। কাগজে-কলমে ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক কোম্পানি হলেও স্থানীয় প্রতিনিধিত্বের বড় অংশ একই বলয়ে থাকায় বাজারে উন্মুক্ত প্রতিযোগিতা ও নতুন সরবরাহকারীদের প্রবেশের সুযোগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

​কার্যাদেশের বড় অংশই একই চক্রে:। বিপিসির ক্রয় ও দরপত্র বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে জিটুজি ও উন্মুক্ত দরপত্রে মোট ৫৫ লাখ ১০ হাজার টন পরিশোধিত জ্বালানি আমদানির কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে প্রায় ৪৩ লাখ টন—অর্থাৎ মোট কার্যাদেশের প্রায় ৭৮ শতাংশই এমন প্রতিষ্ঠানের হাতে গেছে, যাদের স্থানীয় প্রতিনিধিত্ব বা ব্যাবসায়িক যোগাযোগ এজাজের প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে।

​সাম্প্রতিক জুন-আগস্ট মেয়াদের দরপত্রেও চারটি প্যাকেজে ৯ লাখ ২৫ হাজার থেকে সর্বোচ্চ ১১ লাখ ৫০ হাজার টন জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার কোটি টাকার বেশি। এর মধ্যে—
​পিজি-১: ইউনিপেক সিঙ্গাপুর পায় ৩ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ ৯০ হাজার টন ডিজেল এবং ৭০ হাজার থেকে ৯০ হাজার টন জেট ফুয়েল।
​পিজি-২: ভিটল এশিয়া পায় ৩ লাখ থেকে ৩ লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ৬০ হাজার থেকে ৮০ হাজার টন জেট ফুয়েল।
​পিজি-৩: ট্রাফিগুরা পায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ টন ফার্নেস অয়েল।
​পিজি-৪: ভিটল এশিয়া পায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টন অকটেন।
​অর্থাৎ চারটি প্যাকেজের তিনটিরই কার্যাদেশ পেয়েছে ইউনিপেক ও ভিটল এশিয়া, যাদের স্থানীয় সংযোগ এজাজের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত।

​সরবরাহে জটিলতা ও বাড়তি দামে কেনাকাটা: মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সরবরাহ জটিলতায় পুরনো এই বলয়ের প্রভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিপিসির বোর্ডসভার কার্যবিবরণী ও নথি অনুযায়ী, নভেম্বরে জিটুজি সূচিতে থাকা একাধিক চালান সরবরাহে বিদেশি প্রতিষ্ঠানগুলো অপারগতা প্রকাশ করে। এর মধ্যে রয়েছে ইউনিপেক সিঙ্গাপুরের ১৯, ২১, ২২ ও ২৪ নভেম্বরের তিনটি ডিজেল ও একটি জেট ফুয়েল চালান, পিটি বুমি সিয়াক পুসাকুর ২৮ নভেম্বরের ডিজেল, পেট্রোচায়না ইন্টারন্যাশনালের ১০ নভেম্বরের ডিজেল এবং ওকিউ ট্রেডিংয়ের ২৩ নভেম্বরের মোগাস চালান। মোট ১১টি চালানের জটিলতার মধ্যে সাতটির সঙ্গেই এজাজ-সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধিত্বের যোগসূত্র রয়েছে বলে সূত্রের দাবি।

​সরবরাহে অনিশ্চয়তার কারণে বিকল্প উৎস থেকে বেশি দামে জ্বালানি কিনতে হয়েছে। দীর্ঘমেয়াদি জিটুজি চুক্তিতে যেখানে ডিজেলের প্রিমিয়াম ছিল ব্যারেলপ্রতি ৯.৫০ ডলার এবং জেট ফুয়েলের ১০.১৫ ডলার, সেখানে পরবর্তী উন্মুক্ত দরপত্রে ভিটল এশিয়ার ক্ষেত্রে ডিজেলে প্রিমিয়াম দাঁড়ায় ১৬.৬৮ ডলার এবং জেট ফুয়েলে ১৭.৮৮ ডলার পর্যন্ত। শুধু পিজি-২ প্যাকেজে ২ লাখ ৩০ হাজার টন ডিজেল ও ৪০ হাজার টন জেট ফুয়েলের ক্ষেত্রে এই বাড়তি প্রিমিয়ামের কারণে অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৩ হাজার ডলার বা প্রায় ১৮২ কোটি টাকা। এ বিষয়ে প্রথম সারির একটি জাতীয় দৈনিকে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

​এলএনজি খাতেও একই ছায়া: জ্বালানি তেলের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতেও পুরনো প্রভাব বলয়ের অভিযোগ রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে এলএনজি আমদানি শুরুর পর ২০২০ সালের দিকে বেসরকারি পর্যায়ে খোলাবাজার থেকে আমদানি শুরু হলে ভিটল এশিয়া, গানভর, টোটাল এনার্জিস ও অ্যাকসিলারেট এনার্জি বেশি কাজ পায়। পেট্রোবাংলা সূত্র অনুযায়ী, ৬০ শতাংশের বেশি এলএনজি সরবরাহ করেছে ভিটল এশিয়া ও গানভর। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে নসরুল হামিদের পরিবারের সদস্য, বন্ধু ও পারিবারিক কোম্পানির যোগসূত্রের কথা বিভিন্ন সূত্রে উঠে এসেছে। ভিটল, গানভর ও ওকিউ ট্রেডিংয়ের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন ড. এজাজুর রহমান। ২০১৯ সালে নিবন্ধিত পাওয়ারকো ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে ভিটল এশিয়ার সঙ্গে অংশীদারির উল্লেখ ছিল; ওই প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন নসরুল হামিদের মামা মো. কামরুজ্জামান চৌধুরী ও তাঁর বন্ধু ভারতীয় নাগরিক নাবিল খান। ২০২০ সালের ডিসেম্বরে কামরুজ্জামানকে সরিয়ে হামিদ গ্রুপের সিইও মো. মুরাদ হাসানকে অংশীদার ও ব্যবস্থাপনা পরিচালক করা হয়। পাশাপাশি এলএনজি ব্যবসায় নসরুল হামিদের ছোট ভাই ইন্তেখাবুল হামিদের সঙ্গে এজাজুরের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

​বিপিসির সাবেক কর্মকর্তাদের যুক্ত হওয়া ও গোপনীয়তা শঙ্কা: অনুসন্ধানে দেখা গেছে, বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা অন্তত ১০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সময় এজাজুর রহমানের সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজে যুক্ত হয়েছেন। কেউ ক্রয় ও বিপণনে, কেউবা আন্তর্জাতিক সরবরাহকারী, দরপত্র ও মূল্য নির্ধারণসংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। সরকারি চাকরির অভিজ্ঞতা ও নেটওয়ার্ক অবসরের পর বেসরকারি স্বার্থে ব্যবহৃত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

​আরও উদ্বেগের বিষয় হলো, সেভেন মার্ক ও ট্রান্সবাংলা কমোডিটিজের কার্যালয় যে ভবনে, একই ভবনে রয়েছে বিপিসির ঢাকা লিয়াজোঁ অফিস। আন্তর্জাতিক দরপত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাবিত দর ও প্রিমিয়ামের মতো সংবেদনশীল তথ্য একই ভবনে অবস্থানের কারণে ফাঁস হওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

​সব মিলিয়ে, এক বছরে ৭৮ শতাংশ কার্যাদেশে একই বলয়ের সংশ্লিষ্টতা, সাবেক কর্মকর্তাদের যোগদান, সরবরাহ সংকটের পর বাড়তি প্রিমিয়ামে ক্রয় এবং সিঙ্গাপুরের বৈঠক—এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত না হলে জ্বালানি আমদানিতে প্রতিযোগিতা, স্বচ্ছতা ও রাষ্ট্রীয় অর্থের সুরক্ষা নিশ্চিত করা কঠিন বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।