...|...|...

অর্থনীতি

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৬ টাকা ৩২ পয়সা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ৮:০৪
Shares
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৬ টাকা ৩২ পয়সা

ছবি: সংগৃহীত

উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের (জেট এ-১) দাম সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। নভেম্বর মাসের জন্য এ দাম নির্ধারণ করা হয়। অক্টোবরে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, দেশি ও বিদেশি এয়ারলাইনসের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম শুল্ক ও মূসক ছাড়া ১ দশমিক ১৬৩৭ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। আর্ন্তজাতিক ফ্লাইটে দাম কমেছে শূন্য দশমিক শূন্য ২৪৫ মার্কিন ডলার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিইআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

বিইআরসি জানায়, গত ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে প্লাটস রেটের গড় মূল্য বিবেচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (পিওসিএল)-এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৩৪ (৪) এবং ৩৪ (৬) ধারা অনুযায়ী বিইআরসি আজ একটি গণশুনানি করে।

গণশুনানিতে ৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেট এ-১ ফুয়েলের প্লাটস রেটের বিস্তারিত মূল্যের পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) লেটার অব ক্রেডিট (এলসি) নিষ্পত্তিতে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে নভেম্বর মাসের জন্য এ মূল্য নির্ধারণ করেছে বিইআরসি।

গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ রুটের এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি লিটার ১৮২ টাকা ৭১ পয়সা। অপরদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।