আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর অধীন পাঁচটি নির্বাচন- ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হবে। এ বিষয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় নির্বাচনের তফসিল ও সুনির্দিষ্ট তারিখ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনই নির্ধারণ করবে বলে স্পষ্ট করেন প্রতিমন্ত্রী।
ডেনমার্কের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের মূল বিষয়বস্তু তুলে ধরে মীর শাহে আলম জানান, রাজধানী ঢাকার পানি সরবরাহ ও ব্যবস্থাপনা আধুনিকীকরণে বাংলাদেশকে সহায়তা করবে ডেনমার্ক। এছাড়া চলমান রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ১০০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।


