...|...|...

ধর্ম

জুমার দিনে যে ৩ দোয়া পড়লে মিলবে দুনিয়া-আখেরাতের কল্যাণ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, সকাল ৮:৫১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:১১
Shares
জুমার দিনে যে ৩ দোয়া পড়লে মিলবে দুনিয়া-আখেরাতের কল্যাণ

ফাইল ছবি

ইসলাম ধর্মে জুমার দিনকে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানদের জন্য এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এ দিনে নামাজ, জিকির ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে।

হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে আন্তরিকভাবে কিছু চাইলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৪০০)

বিভিন্ন বর্ণনায় এই বিশেষ সময়টি আসরের পরের সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই জুমার দিনে বিশেষ করে আসরের নামাজের পর বেশি বেশি দোয়া করা উত্তম।

এদিন পড়তে পারেন এমন তিনটি গুরুত্বপূর্ণ দোয়া-

১. দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: রাব্বানা আতিনা ফিদ দুনইয়া হাসানাহ, ওয়াফিল আখিরাতি হাসানাহ, ওয়াকিনা আজাবান্নার।

অর্থ: হে আমাদের রব, আমাদের দুনিয়ার কল্যাণ দান করুন, আখেরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
(সুরা বাকারা: ২০১)

২. সঠিক পথ ও উত্তম জীবন লাভের দোয়া

اَللَّهُمَّ اِنِّى أَسْألُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা, ওয়াল আফাফা ওয়াল গিনা।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং স্বচ্ছলতা প্রার্থনা করছি।
(সহিহ মুসলিম: ২৭২১, তিরমিজি: ৩৪৮৯)

৩. নিজের, মা-বাবা ও সব মুমিনের জন্য ক্ষমার দোয়া

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

উচ্চারণ: রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।

অর্থ: হে আমাদের রব, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে।
(সুরা ইবরাহিম: ৪১)

জুমার দিনের পবিত্র সময়ে বেশি বেশি ইবাদত, জিকির ও দোয়া করার মাধ্যমে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা উচিত। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুলযোগ্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।