ভারতের সাথে ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের অনুসৃত পথ ও নীতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সাথে আন্তঃসীমান্ত নদীগুলোতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী এলাকায় নোঙর বাংলাদেশের আয়োজনে ‘নোঙর রিভার ক্যাম্প’ কার্যক্রমের উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ফারাক্কা চুক্তির গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ৩০ বছর মেয়াদি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে তা নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কারিগরি কমিটি কাজ করছে।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি এবং মিয়ানমারের সাথে তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি ভারতের সাথে ফারাক্কা চুক্তি নবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
নদী ও খাল উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলেও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের খনন ও পুনরুদ্ধার করা নদী, খাল ও জলাশয় পুনরায় দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। নদী উদ্ধারে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গিও বিবেচনায় নেওয়া হবে না।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন করেন ফরহাদ হোসেন আজাদ। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
নোঙর বাংলাদেশের এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা ঘুরে টেকনাফে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাহউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।


