...|...|...

বিশ্ব

জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:১৯
Shares
জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

ছবি: সংগৃহীত

আফ্রিকা থেকে ইয়েমেনের পথে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জনের বেশি। রবিবার জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) বরাতে সংবাদমাধ্যম আলদ এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বিবৃতি অনুযায়ী, জিবুতির পূর্ব উপকূলে গুহেরে এলাকার কাছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বেঁচে যাওয়া যাত্রীদের বরাতে আইওএম জানায়, তিন শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল।

এ ঘটনায় ৮০ জনের বেশি যাত্রী প্রাণে বেঁচে ফিরেছেন। তাঁদের সবাই ইথিওপিয়ার নাগরিক। অন্যদিকে, নিখোঁজদের সন্ধানে জিবুতির কর্তৃপক্ষের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আইওএমের জিবুতি মিশনের প্রধান আলেকজান্দ্রে কোইসাক এ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের জরুরি সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে সংস্থাটির দল।

কোইসাক বলেন, উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিবাসনপথ বেছে নেওয়া মানুষেরা কতটা বিপদের মুখে পড়েন, এ দুর্ঘটনা তারই প্রমাণ।

জিবুতি ও ইয়েমেনের মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালী হর্ন অব আফ্রিকা অঞ্চলের অভিবাসীদের কাছে পরিচিত একটি পথ। সংকীর্ণতম স্থানে মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত এ প্রণালী পাড়ি দিয়ে বহু মানুষ উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থান ও নিরাপত্তার আশায় ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তবে সমুদ্রপথটি অত্যন্ত বিপজ্জনক।

আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি মানুষের আগমন নথিভুক্ত করা হয়েছে। গত বছর এ পথ ধরে পাঁচ লাখেরও বেশি মানুষ ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাঁদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তাঁরা নিখোঁজ হয়েছেন।

এদিকে ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় দেশটি থেকে পালিয়ে আসা হাজার হাজার মানুষও জিবুতিতে আশ্রয় নিচ্ছেন। সংঘাত ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও উন্নত জীবনের আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা অব্যাহত রেখেছেন বহু অভিবাসী।