...|...|...

খেলা

জাল সনদে ফেঁসে গেলেন সুইজারল্যান্ডের অধিনায়ক, পড়লেন বড় শাস্তির মুখে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:০৫
Shares
জাল সনদে ফেঁসে গেলেন সুইজারল্যান্ডের অধিনায়ক, পড়লেন বড় শাস্তির মুখে

গ্রানিত জাকা। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির সময় জাল কোভিড টিকা সনদ ব্যবহারের ঘটনায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা। ২০২২ সালে জাল সনদ সংগ্রহের দায়ে দেশটির আদালত তাকে দেড় লাখ সুইস ফ্রাঁর বেশি জরিমানা করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি টাকারও বেশি। তবে আগামী দুই বছরের মধ্যে নতুন করে কোনো অপরাধে জড়িত না হলে এই জরিমানা কার্যকর হবে না।

সম্প্রতি আদালতের এই সিদ্ধান্তের বিষয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। জার্মান ভাষায় দেওয়া পোস্টে তিনি নিজের কাজের দায় স্বীকার করেছেন। আদালতের খরচ ইতিমধ্যে পরিশোধ করেছেন বলেও জানিয়েছেন সুইস তারকা।

নিজের অবস্থান ব্যাখ্যা করে জাকা লেখেন, ‘কয়েক সপ্তাহ আগে আমি নিজেই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এবং নিজের সিদ্ধান্তের দায় আমি নেব জানিয়েছিলাম। আমি এখনও সেই অবস্থানেই আছি।’

জাল সনদ সংগ্রহের দায়ে শাস্তি মেনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। জাকার ভাষ্য, ‘জাল সনদ সংগ্রহের দায়ে সংক্ষিপ্ত বিচারিক আদেশের মাধ্যমে আমাকে সাজা দেওয়া হয়েছে। প্রতিদিনের জন্য ৩ হাজার সুইস ফ্রাঁ (২ হাজার ৭২৬ পাউন্ড) হারে ৫০ দিনের জরিমানা স্থগিত করা হয়েছে। আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি এবং নিজের কাজের দায় নিচ্ছি। গত কয়েক সপ্তাহে যারা আমাকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ। এই বার্তাগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

২০২২ সালে জাল কোভিড টিকা সনদ সংগ্রহের সময় ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে খেলতেন জাকা। গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানিয়েছিলেন, কোভিড টিকা নিয়ে তার মনে অবিশ্বাস ছিল। পাশাপাশি সে সময়ের উদ্বেগ ও অনিশ্চয়তাও তাকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল বলে স্বীকার করেন তিনি।

সুইজারল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, কোভিড টিকাসনদ সংগ্রহ করা বা নিজের কাছে রাখা দেশটির সবার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না। তবে ভ্রমণ, বিভিন্ন কার্যক্রম ও নির্দিষ্ট স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে সনদটির প্রয়োজন হতো। সনদ না থাকলে এসব ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যেত।

এদিকে সুইজারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে জাকার। তবে সাম্প্রতিক সময়ে দেওয়া বিবৃতির পর সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ওই বিরতিতে স্কটল্যান্ড, উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে সুইজারল্যান্ড। সবকটিতেই জয় পেয়েছে দলটি।