দীপাবলি ও কালীপূজা উপলক্ষে ভারতের বিভিন্ন শহরে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাপক আতশবাজি ফোটানো হয়েছে। এতে কলকাতা ও দিল্লির বাতাসে দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। বিষাক্ত ধোঁয়ার কারণে চোখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যেতে হয়েছে বহু মানুষকে। এ ছাড়া বাজি ও প্রদীপ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
কালীপূজার রাতে কলকাতার বিভিন্ন এলাকায় গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দের বাজি ফোটানো হয়। এতে শিশু, প্রবীণসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ, পুলিশের যথাযথ নজরদারির অভাবেই শহরের বিভিন্ন অলিগলিতে নিষিদ্ধ ও অতিরিক্ত শব্দসৃষ্টিকারী বাজির ব্যবহার বেড়েছে।
তবে পুলিশের বিরুদ্ধে ওঠা নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কালীপূজার রাতে বেআইনিভাবে বাজি ফোটানোর অভিযোগে ২০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আগের বছর একই অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ১৮৩ জন।
এ ছাড়া উৎসবের রাতে ২৩৮ কেজি অবৈধ বাজি জব্দ করেছে পুলিশ। গত বছর জব্দ করা হয়েছিল ৮৫২ দশমিক ৪৫ কেজি বাজি। পাশাপাশি উৎসব চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি ও অসংযত আচরণের অভিযোগে আরও ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযান ও গ্রেফতারের পরও কলকাতার বিভিন্ন এলাকায় শব্দ ও বায়ুদূষণের মাত্রা নির্ধারিত আইনি সীমা অতিক্রম করেছে বলে অভিযোগ উঠেছে।
দূষণে বিপর্যস্ত দিল্লি ও কলকাতা
কলকাতার পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিতেও দীপাবলির রাতে ব্যাপক আতশবাজি ফোটানো হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজি পোড়ানোর কারণে শহরটির বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
দিল্লির বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) মারাত্মক বা ‘সিভিয়ার’ পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে, কলকাতার কয়েকটি এলাকায় রাতেই একিউআই ৫০০ ছাড়িয়ে যায়। পরদিন সকাল থেকে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় দিল্লির বিভিন্ন এলাকা।
বিষাক্ত ধোঁয়ার প্রভাবে চোখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের সমস্যায় আক্রান্ত হয়ে বহু মানুষ চিকিৎসা নিতে হাসপাতালে যান।
পরিবেশবিদদের মতে, আতশবাজি থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও ধোঁয়ার সাথে শীতের শুরুতে বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর ফলে দূষিত সূক্ষ্ম কণাগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে গিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে।
বাজির বিস্ফোরণে প্রাণ গেল শিশুর
উৎসবের আনন্দের মধ্যেই দিল্লির নরেলা এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পরিবারের সদস্যদের সাথে বাজি ফোটানোর সময় ১০ বছর বয়সী ঋষি নামের এক শিশুর মৃত্যু হয়।
জানা গেছে, বাজি ফোটানোর সময় একটি আতশবাজি আকাশে না উঠে সরাসরি শিশুটির বুকে আঘাত করে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হয় ঋষি। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ছাড়া ভারতের বিভিন্ন এলাকায় আতশবাজি থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে বহু মানুষ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
বিভিন্ন শহরে একাধিক অগ্নিকাণ্ড
দীপাবলি ও কালীপূজা ঘিরে আতশবাজি এবং প্রদীপের আগুন থেকে ভারতের বিভিন্ন স্থানে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
কলকাতা ও মেদিনীপুরে বাড়িতে জ্বালানো প্রদীপ ও আতশবাজি থেকে তিনটি বাড়িতে আগুন লাগে। এ ছাড়া কলকাতার অন্তত চারটি দোকানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দিল্লি ও মুম্বাইয়ের অন্তত ১১টি স্থানেও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।
উৎসবের সময় ব্যাপক আতশবাজি ব্যবহার, বায়ুদূষণ ও একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের বিভিন্ন শহরে জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


