...|...|...

বিনোদন

জারিয়াব-আবুবকরের গল্পে সানা-আনাসের জীবনের মিল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৭
Shares
জারিয়াব-আবুবকরের গল্পে সানা-আনাসের জীবনের মিল

ছবি: সংগৃহীত

পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর গল্পের সাথে বাস্তব জীবনের দম্পতি সানা খান ও মুফতি আনাসের জীবনের মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা। বিশেষ করে নাটকের প্রধান নারী চরিত্র জারিয়াবের অতীত ও পরবর্তী জীবনের সাথে সানা খানের জীবনের নানা দিকের তুলনা করছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এ নিয়ে অনলাইনে চলছে আলোচনা-সমালোচনা।

পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে প্রচারিত ‘দার-ই-নিজাত’ নাটকটি পাকিস্তানের পাশাপাশি ভারত, নেপাল, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও দর্শকপ্রিয়তা পেয়েছে। উমেরা আহমেদের লেখা নাটকটি পরিচালনা করেছেন সাকিব খান। প্রযোজনা করেছে থ্রি এস এন্টারটেইনমেন্ট। নাটকটির গল্প আবর্তিত হয়েছে জারিয়াবকে কেন্দ্র করে।

নাটকে আধুনিক জীবনযাপনে অভ্যস্ত জারিয়াব একসময় বন্ধু জামিলের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে একসাথে বসবাস করতেন। পরবর্তী সময়ে ধর্মপরায়ণ মুসলিম আবুবকরকে বিয়ে করেন তিনি। বিয়ের পর স্বামীর সাথে ইসলামের পথে আধ্যাত্মিক যাত্রা শুরু হয় তার।

এই গল্পের সাথে সানা খান ও মুফতি আনাসের ব্যক্তিগত জীবনের মিল দেখছেন অনেক দর্শক। তাদের মতে, মুফতি আনাসকে বিয়ে করার আগে সানা খান বিনোদনজগতের পরিচিত মুখ ছিলেন। বিয়ের পর শোবিজ অঙ্গন ছেড়ে ধর্মীয় জীবনযাপনে মনোযোগী হন তিনি।

তবে এই তুলনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার মত এক নয়। একজন মন্তব্য করেছেন, সানা খানের জীবনের সাথে জারিয়াবের কিছু মিল থাকলেও বাস্তব জীবনে সানা বরং জামিলের মতো। অন্য একজনের দাবি, নাট্যকার উমেরা আহমেদ প্রায় ১৫ বছর আগেই নাটকটির চিত্রনাট্য লিখেছিলেন। ফলে সানা খানের বর্তমান জীবনের সাথে গল্পের মিলকে কাকতালীয় বলেই মনে করছেন তিনি।

আরেক দর্শকের মন্তব্য, তাহলে ভারতেরও একজন আবুবকর রয়েছেন। অন্যদিকে, কেউ কেউ সানা খানের অতীত জীবন নিয়েও সমালোচনা করেছেন।

সব মিলিয়ে ‘দার-ই-নিজাত’-এর জারিয়াব-আবুবকরের গল্পের সাথে সানা খান ও মুফতি আনাসের বাস্তব জীবনের তুলনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।