জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার আবাসিক কক্ষ থেকে হাতে লেখা কয়েকটি চিঠি উদ্ধারের পর বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি, চিঠিতে বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় মোহাইমিনুলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন তার সহপাঠীরা। পরে তার আবাসিক কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পান তারা। সহপাঠীদের দাবি, চিঠিগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন, শিক্ষক ও পারিবারিক বিষয় নিয়ে হতাশার কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া, তার এমন পরিস্থিতির জন্য বিভাগের শিক্ষকদের দায়ী করার বিষয়টিও চিঠিতে উঠে এসেছে বলে জানিয়েছেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার বিকেল ৩টা ৮ মিনিটে মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায় মোহাইমিনুল ইসলামকে। এরপর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
মোহাইমিনুল ইসলাম মীর মশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায়।
ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ও তার সহপাঠী মিম বলেন, সন্ধ্যা ৬টার দিকে জানতে পারি, মোহাইমিনকে পাওয়া যাচ্ছে না। এরপর তার কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাই। তারপর থেকে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।
মোহাইমিনুলের একাডেমিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মিম বলেন, চতুর্থ বর্ষের একটি কোর্সে তার ফেল এসেছিল। এ কারণে চলতি বছর ওই কোর্সের রিটেক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পাশাপাশি তিনি প্রায় ছয় মাস ধরে মাস্টার্সের ক্লাসও করছিলেন। কয়েক দিন আগে তাকে জানানো হয়, চতুর্থ বর্ষের বিষয়ের পরীক্ষা আবার দিতে হবে। বিষয়টি তাকে কতটা প্রভাবিত করেছে, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।
এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম বলেন, আমি তার ব্যাপারে খোঁজ নিয়েছি। তার সন্ধান পেতে প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধারের চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “বিষয়টি জানার পরপরই সাভার থানায় জিডি করা হয়েছে। পুলিশকে তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি চিঠিতে বিভাগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তাকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
মোহাইমিনুল ইসলামের সন্ধান পেতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের (০১৭১৪০১২৩১৫) অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর (০১৭১২৬৭৪৫৫৭) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

