...|...|...

খেলা

জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম: ডুলি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম: ডুলি

টমাস ডুলি। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। এই পরাজয়ের পর হতাশা লুকাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ টমাস ডুলি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ এই সেমিফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় স্বাগতিকরা। ম্যাচের ৮৬ মিনিটে পাকিস্তান উইঙ্গার আবদুল সামাদের করা একমাত্র গোলেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।

আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। টানা তিন ম্যাচ হারের পর সাফে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে নতুন করে আশার সঞ্চার করেছিলেন হামজারা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই আত্মবিশ্বাস কোথায় হারিয়ে গেল? 

নেপাল নেই, ভারতও খেলতে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শক, দলে আট প্রবাসী ফুটবলার। সব মিলিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে আর কবে আসবে! অথচ সেই সুযোগ কাজে লাগাতে পারল না দল। পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বাংলাদেশকে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে কোচ ডুলি বলেন, দলের প্রধান হিসেবে আমাকেই দায়ী করবেন। তবে জানি না, এর চেয়ে ভালো আর কী করতে পারতাম, হয়তো ম্যাচের আগে কোচদের আরও বেশি কাজ করতে দেওয়া উচিত।

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই জার্মান কোচ ফুটবলারদের অতিরিক্ত প্রত্যাশার চাপ ও শারীরিক ক্লান্তিকে সামনে আনেন। তিনি স্বীকার করেন যে শুরু থেকেই পাকিস্তান বাংলাদেশের চেয়ে দ্রুতগতির এবং গোছানো ফুটবল খেলেছে।

ডুলির মতে, ঘরের মাঠে দীর্ঘ ২১ বছর পর ফাইনালে ওঠার হাতছানি ও সমর্থকদের প্রত্যাশা খেলোয়াড়দের স্নায়ুচাপে ফেলেছিল। বিশেষ করে ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করাটা দলের জন্য বড় একটি মানসিক ধাক্কা ছিল।

ম্যাচ শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে নেমে আসে পিনপতন নীরবতা ও গভীর বিষণ্নতা। তবুও এই হারকে দীর্ঘমেয়াদী উন্নয়নের অংশ হিসেবে দেখছেন ডুলি এবং ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।