দেশে বর্তমানে প্রায় ১৯ কোটি ১০ লাখ সক্রিয় মোবাইল সিম রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মধ্যে প্রায় ১০ কোটি ৮০ লাখ সিম ব্যবহারকারী ফোর জি ইন্টারনেট সুবিধার আওতায় রয়েছেন।
সোমবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন তথ্য তুলে ধরেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৪৯ হাজারের বেশি ফোর জি সাইট রয়েছে। পাশাপাশি প্রায় ৪৬ হাজার মোবাইল টাওয়ার এবং প্রায় ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে উঠেছে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু মানুষের কাছে যোগাযোগসেবা পৌঁছে দেওয়া নয়। সেবার মান উন্নয়ন, ব্যয় সাশ্রয়, নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং কার্যকর সংযোগ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রযুক্তির পাশাপাশি ফাইভ জি প্রযুক্তিতে দেশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিও বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. এমদাদ উল বারী।


