ঢাকা রমনা থানা ছাত্রলীগের ব্যানার নিয়ে বরিশালে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর আটকদের সাথে থানায় দেখা করতে গিয়ে আটক হয়েছেন আরও দুজন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরের পর বরিশাল নগরীর কালিজিরা এবং কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকার ইমরান, ইমন ও ফাইজ, ঝালকাঠির নলছিটি উপজেলাধীন দপদপিয়ার সুমন হাওলাদার, রাকিব সিকদার, আবু বক্কর ও রুমন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।
ওসি জানান, শুক্রবার জুমার নামাজের সময় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জাগুয়া এলাকায় এ্যাপোলো মেডিকেল কলেজের পেছনে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সুমন হাওলাদার, ইমরান, রাকিব সিকদার, ইমন ও ফাইজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার এবং মাস্ক উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জব্দ হওয়া ব্যানারে লেখা রয়েছে ‘বাংলাদেশ ছাত্রলীগ, রমনা থানা’। পরে জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, বরিশালে ব্যানার নিয়ে মিছিলের ছবি এবং ভিডিও ধারণ করে তা ঢাকার কর্মসূচি বলে প্রচার করার পরিকল্পনা ছিল তাদের।
পুলিশের এই কর্মকর্তা জানান, আটকদের থানায় নিয়ে আসার পর তাদের সাথে দেখা করতে থানায় আসেন নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের আবু বক্কর ও রুমন নামের আরও দুজন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদেরও আটক করা হয়। আটক সাতজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর কথা জানিয়েছেন ওসি।

