পিরোজপুরের নেছারাবাদে শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ উঠেছে নাদিম মাহমুদ নামের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে ২৭ প্যাকেট দুধ কিনে স্কুল কর্তৃপক্ষের ফেরত দেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে এসে ২৭ প্যাকেট দুধ ফেরত দেওয়া হয়। নাদিম মাহমুদ উপজেলার সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলার বলদিয়া ইউনিয়নের ১৪৮ নম্বর দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। বিষয়টি শিক্ষা অফিসকে অবহিত না করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়।
জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিন্না খালে নৌকাবাইচ উপলক্ষে পুলিশ ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী বিদ্যালয়ে আসেন। অতিথিদের বসার ব্যবস্থা ও আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ ৭৯ প্যাকেট দুধের মধ্যে ৩০ প্যাকেট নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কলেজ ছাত্রদলের নেতা নাদিম মাহমুদের বিরুদ্ধে।


