...|...|...

ক্যাম্পাস

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৬:৩২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:০৭
Shares
চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তারা দুজনই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, বুধবার বন্ধুদের সাথে পুকুরটিতে গোসল করতে নামেন শান্ত ও অর্ণব। গোসলের একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যান। পরে তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ডুবে যাওয়া দুজনের মধ্যে একজনকে ৮-১০ মিনিট পর উদ্ধার করা হয়। অপরজনকে ৪০-৫০ মিনিট পর উদ্ধার করা হয়েছে। প্রথমে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে জানানো হয়েছে। তাদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গেল ২৮ জুলাই একই পুকুরে ডুবে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা মারা যান। ওই ঘটনার পর পুকুরটির চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া, পাড় বড় করাসহ বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।