চুয়াডাঙ্গার জীবননগরে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা ৩০০ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘মেসার্স তৌফিক ট্রেডার্স’ এর স্বত্বাধিকারী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার হাসাদাহ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখের নেতৃত্বে অভিযানে পুলিশ অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাসাদাহ বাজারের মেসার্স তৌফিক ট্রেডার্স থেকে সরকারি ভর্তুকির সার অবৈধভাবে পাচার করা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির চারটি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে মজুত রাখা ৩০০ বস্তা সরকারি সার জব্দ করা হয়। একই সাথে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল খালেককে আটক করে পুলিশ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি গোডাউন থেকে ৩০০ বস্তা ভর্তুকির সরকারি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এর আগে শুক্রবার জীবননগর বাজারের সান্ত্বনা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করে উপজেলা প্রশাসন। ওই ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।


