...|...|...

বিশ্ব

চীনের উদ্বেগের মধ্যেই প্রতিরক্ষা চুক্তি করল ফিলিপাইন-অস্ট্রেলিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৩৩
Shares
চীনের উদ্বেগের মধ্যেই প্রতিরক্ষা চুক্তি করল ফিলিপাইন-অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চীনের সাথে উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে নতুন চুক্তি করেছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া। রবিবার (১৫ নভেম্বর) ম্যানিলায় দুই দেশের মধ্যে এ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে যৌথ সামরিক কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক জটিলতা কমবে বলে জানিয়েছে ফিলিপাইন।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো বলেন, নতুন সমঝোতার মাধ্যমে দুই দেশের বিদ্যমান ‘স্ট্যাটাস অব ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ (এসওভিএফএ) বাস্তবায়ন আরও সহজ হবে। সামরিক কার্যক্রমের সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়ায় সময় কমবে।

তিনি বলেন, আগে একটি কাজ সম্পন্ন করতে যেখানে ১০০টি ধাপ অতিক্রম করতে হতো, এখন তা ১০ ধাপেই সম্ভব হবে। এটি প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানোর একটি উদ্যোগ।

তেওদোরো আরও জানান, নতুন চুক্তির ফলে নৌ, বিমান ও স্থলবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়বে। পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় যৌথ কার্যক্রম জোরদার হবে। দক্ষিণ চীন সাগরসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে ফিলিপাইনের প্রতিরোধ সক্ষমতাও বাড়বে।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে ম্যানিলা। ওই অঞ্চলের বিভিন্ন জলসীমা নিয়ে চীনসহ কয়েকটি দেশের মধ্যে বিরোধ রয়েছে।

২০১৬ সালে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের এক রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবির পক্ষে আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়। অস্ট্রেলিয়া ওই রায়কে সমর্থন করলেও বেইজিং তা প্রত্যাখ্যান করে আসছে। চীনের দাবি, দক্ষিণ চীন সাগরে তাদের কর্মকাণ্ড আইনসম্মত ও পেশাদার। মিত্র দেশগুলোর সঙ্গে ফিলিপাইনের যৌথ সামরিক মহড়ারও বিরোধিতা করে আসছে বেইজিং।

অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় অবস্থানরত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে সমুদ্র পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য বিনিময়, কৌশলগত সংলাপ, সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়বে।

এ ছাড়া সমুদ্রসীমার নিরাপত্তা পর্যবেক্ষণে ড্রোন প্রযুক্তি, সরঞ্জাম ও প্রশিক্ষণ খাতে অস্ট্রেলিয়ার অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা দেন আলবানিজ। এর মাধ্যমে সমুদ্র ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত হুমকি শনাক্তের সক্ষমতা বাড়ানো হবে।