...|...|...

রাজনীতি

চিরদিন অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না: জামায়াত আমির

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৩
Shares
চিরদিন অনুসরণকারী জাতি হয়ে থাকতে চাই না: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আর চিরদিন অনুসরণকারী জাতি হিসেবে বাঁচিয়ে রাখতে চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, আমরা চাই, এই জাতির মধ্যে এমন পরিবর্তন আসুক, যাতে অন্যরা বাংলাদেশকে অনুসরণ করে। এখন আমরা দেখি পশ্চিম কী করছে, উত্তর কী করছে, দক্ষিণ কী করছে কিংবা পূর্ব কী করছে। আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে অন্যরা দেখবে বাংলাদেশ কী করে। এই জায়গা তৈরি করতে তরুণদের প্রয়োজন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের কেন্দ্রীয় ও হল প্রতিনিধিদের সাথে ‘বিয়ন্ড ক্যাম্পাস : লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে জামায়াত আমির এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদের কেন্দ্রীয় ও হল প্রতিনিধিদের আজ আমরা এখানে দাওয়াত করেছিলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই উপস্থিত হয়েছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিরোধীদলীয় নেতা বলেন, আজকের এই বাংলাদেশ এবং আজকের এই অনুষ্ঠান জুলাইয়ের তাজা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, লড়াই করেছেন, আহত হয়েছেন, ছাত্র-জনতা, শ্রমিক, মেহনতি মানুষ, পেশাজীবী, শিক্ষক, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীরাও সমানতালে লড়াই করেছেন। ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন এই জাতিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। একটি অধীনস্থ, গোলাম জাতিতে পরিণত করার সমস্ত আয়োজন করা হয়েছিল। সেই শৃঙ্খল ছাত্র-জনতা এক তারিখ থেকে ৩৬ তারিখের মধ্যে ভেঙে দিয়েছিল।

তিনি বলেন, এই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের মেধার স্বীকৃতির দাবিতে। মেধাকে অবমূল্যায়ন করে পেছনে ফেলে সেখানে দলীয়তন্ত্র কায়েমের আয়োজন করা হয়েছিল। দেশবাসীর ওপর, বিশেষ করে ছাত্রসমাজের ওপর তাণ্ডব চালানো হয়েছে। এসবকিছুই জুলাইয়ে বিস্ফোরিত হয়েছিল। আন্দোলনের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে তা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে।

তিনি আরও বলেন, বিশেষ করে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর যখন সন্ত্রাসী বাহিনী হামলা করেছিল, তখন তা জাতির গায়ে আগুন ধরিয়ে দেয়। পরের দিন ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র আবু সাঈদ বুক পেতে বলেছিলেন, হয় আমার অধিকার দাও, না হয় আমাকে গুলি করো। তারা অধিকার দেয়নি, গুলি দিয়েছে। দুই হাত মেলে বুক পেতে গুলি নিয়ে সুপার আইকন হিরো হিসেবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একই দিনে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে ছয়জন যুবক ও ছাত্রকে গুলি করা হয়েছিল। এটি ছিল দ্বিতীয় মোমেন্টাম।

আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, এরপর আমরা দেখলাম, সরকার বেপরোয়া হয়ে উঠেছে। একটা পর্যায়ে আন্দোলনের নেতা-নেত্রীদের তারা কাবু করে ফেলল। তাদের কবজায় নিয়ে, টর্চার করে জোর করে মুখ দিয়ে অনেক কথা বলানো হলো। জাতি বুঝতে পেরেছিল, এগুলো তাদের মনের কথা নয়। সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্বলে উঠলেন, রাস্তায় নেমে পড়লেন। এ সময় সারা জাতিও একসঙ্গে নেমে এসেছিল।

শফিকুর রহমান বলেন, আমরা একটি মজলুম দল। আমাদের ওপর অনেক কিছু করা হয়েছে। সর্বশেষ পদক্ষেপ ছিল আমাদের বিরুদ্ধে। ১ আগস্ট আমাদের নিষিদ্ধ ঘোষণা করার আয়োজন করা হয়েছিল। এর আগে অনেক দল এই আন্দোলনের সাথে সম্পর্ক অস্বীকার করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে আমাদের দল ও জাতিকে ছাত্রসমাজের পাশে দাঁড়ানোর এবং সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। আমরা কোনো মনঃক্ষুণ্নতা বা হীনম্মন্যতা দেখাইনি। আমাদের এই আহ্বান ছিল প্রকাশ্য ও স্পষ্ট।

তিনি বলেন, ৫ আগস্ট যা হয়েছে, আমরা সবাই জানি। আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে ফ্যাসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু ফ্যাসিবাদ সমাজের মধ্যে যে যন্ত্রণাগুলো তৈরি করেছিল, বিশ্ববিদ্যালয়গুলোর অসুস্থ পরিবেশ, রক্ত, লাশ, মা-বাবার আতঙ্ক, সেসবের কথা ভুলে যাওয়ার নয়। মা-বাবারা আতঙ্কগ্রস্ত থাকতেন, তাদের কলিজার টুকরা সন্তান শিক্ষাজীবন সফলভাবে শেষ করে তাঁদের কাছে ফিরবে কি না, নাকি তার আগেই তাঁকে হারিয়ে হাহাকার করতে হবে। এসব যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা ৫ আগস্ট আমাদের মুক্তি দিয়েছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন, ৫ আগস্ট পর্যন্ত তাদের এবং আমাদের সবার জাতির প্রতি বক্তব্য, আশ্বাস ও অঙ্গীকার ছিল। কিন্তু ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি এবং দখলবাজি আগের চেয়েও বেশি গতিতে চালানো হচ্ছে। আমরা বারবার এর নিন্দা করেছি, ঘৃণা করেছি, সমালোচনা করেছি এবং প্রতিবাদ জানিয়েছি। কিন্তু একটি রাজনৈতিক পক্ষ এখান থেকে সরতেই পারছে না।

তিনি আরও বলেন,যারা বাংলাদেশের মানুষের ওপর তাণ্ডব চালিয়েছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী যাদের হাতে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ হয়েছেন এবং ২৪ হাজার মানুষ পঙ্গু হয়েছেন, সেই ফ্যাসিবাদীদের কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে। অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, ভোটের বিনিময়ে এবং সম্পদ ভাগাভাগির প্রস্তাবের বিনিময়ে এটি করা হচ্ছে। ১ হাজার ৪০০ শহীদ ও আড়াই হাজার পঙ্গু মানুষের সাথে এটি সুস্পষ্ট প্রতারণা। এ দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ এটা চায়নি।

ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র পরিচালনার জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্র মেরামতের জন্য সংসদ নির্বাচনের সাথে গণভোট হয়েছিল । আমরা সবাই দুটিকে মেনেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাওয়ার সাথে সাথে আরেকটি নির্বাচনকে অস্বীকার করে বসল। সংকট সেই দিনই তৈরি হয়েছে।

তিনি বলেন, একদিকে এই সংকট তৈরি করা, অন্যদিকে ফ্যাসিবাদীদের লালন-পালন করা, এই দুই কারণে আজ ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার পাঁয়তারা করছে। আমরা বিশ্বাস করি, এ দেশের জাতি, বিশেষ করে যুবসমাজ, যারা বুকের রক্ত দিয়ে লড়াই করে তাদের তাড়িয়েছে, তারা কোনো ফ্যাসিস্টকে আর বাংলার জমিনে আসতে বা বসতে দেবে না।

বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনাদের জন্য আমাদের তিনটি বার্তা রয়েছে।

প্রথমত, আপনারা একটি মডেল উপস্থাপন করেছেন। কলুষিত বাংলাদেশের বুকে আমি কলুষিত বলছি এ কারণে যে, আজ বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক, অস্ত্র, কিশোর গ্যাং এবং আইনশৃঙ্খলার অবনতিতে মানুষ অতিষ্ঠ। সেই জায়গায় অস্ত্রের ক্যাম্পাসগুলোতে আপনাদের হাতের ছোঁয়ায় স্থিতিশীলতা এসেছে। শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করেছেন। কিন্তু কাজ শেষ হয়নি। আরও অনেক কাজ বাকি রয়েছে।

তিনি বলেন, আমরা জানি এক বছরে এগুলো সব সম্পন্ন করা সম্ভব নয়। আপনারা দরজা খুলে দিয়ে সামনে এগিয়ে যান। অনেকের শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে, অনেকে এখনো শিক্ষার্থী রয়েছেন। যারা শিক্ষার্থী হিসেবে রয়েছেন, তাদের জন্য আমাদের অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানে যে নিরাপদ পরিবেশের দরজা খোলা হয়েছে, শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও আপনাদের হাত ধরে নিরাপদ ক্যাম্পাসে পরিণত হোক। এ ব্যাপারে আপনাদের আরও অবদান রাখতে হবে। কারণ, অন্য প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে, তারাও আপনাদের ভাই-বোন এবং এ দেশের নাগরিক।

যারা ছাত্রজীবন শেষ করেছেন তাদের উদ্দেশে তিনি বলেন, দেশ গড়ার কাজে জামায়াতে ইসলামী আজ যে অঙ্গীকার জাতির প্রতি করছে, সেখানে আপনারা যুক্ত হোন। অনেক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও আমরা ডানে-বাঁয়ে তাকাইনি। সততার মানদণ্ডে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা সেই বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হোন। এটাই হচ্ছে ‘বিয়ন্ড ক্যাম্পাস, লিডিং টুমরো’।

দ্বিতীয় বার্তার বিষয়ে তিনি বলেন, আমরা তোমাদের কাউকে অধীনস্থ হিসেবে দেখতে চাই না। আমরা চাই, ‘লিডার ইজ লিডার, এভরিহোয়্যার লিডার’। তোমরা সব ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তোমরা উদ্যোক্তা হবে। বিভিন্ন ব্যবসা-বাণিজ্যে উদ্যোক্তা হবে, শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা হবে, স্বাস্থ্যসেবায় উদ্যোক্তা হবে, জনকল্যাণে উদ্যোক্তা হবে। বাংলাদেশকে পথ দেখাবে। একই সাথে আমরা সবাই পরামর্শ করে বৃহত্তর পরিসরে কাজ করব। তোমাদের স্বাগতম, তোমরা আসবে।

তিনি বলেন, ইতোমধ্যে তোমরা দেখেছ, তোমাদের অবদানকে সম্মান ও স্বীকৃতি দিয়ে তোমাদেরই একজনকে ঢাকা বা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছি। এর মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। যুবকরাই বাংলাদেশকে গড়ে দেবে, ইনশাআল্লাহ। এটি দিয়ে শুরু, শেষ নয়। এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।

তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, সবাই শুধু রাজধানী ঢাকা কিংবা বড় শহরে পড়ে থাকলে হবে না। গ্রামবাংলাকেও বদলাতে হবে। যার যেখানে স্বাভাবিক পরিচয়, ঠিকানা, সেই এলাকার সাথে নাড়ির সংযোগ আরও শক্তিশালী করতে হবে। কারণ, সমাজের সব স্তরে নতুন পচন বসে আছে। সেগুলো তাড়াতে হবে। সমাজকে পরিচ্ছন্ন ও নিরাপদ করতে হবে। তোমরা গেলেই নিরাপদ। এখন থেকে যার যেখানে অবস্থান, আল্লাহ যাকে যতটুকু মানবিক যোগ্যতা দিয়েছেন, তা নিয়ে জনগণের পাশে থাকতে হবে।

তৃতীয় বার্তার বিষয়ে জামায়াত আমির বলেন, আমরা চিরদিন একটি অনুসরণকারী জাতি হিসেবে বাঁচতে চাই না। আমরা চাই, এই জাতির মধ্যে এমন পরিবর্তন আসুক, যাতে অন্যরা এই জাতিকে অনুসরণ করে। আমরা এখন পেছনে পড়ে আছি। দেখি, অন্যরা কী করে, পশ্চিম কী করে, উত্তর কী করে, দক্ষিণ কী করে, পূর্ব কী করে। আমরা এমন একটি জায়গা তৈরি করতে চাই, যেখানে অন্যরা দেখবে বাংলাদেশ কী করে।

‘এই জায়গা তৈরি করতে তোমাদের প্রয়োজন’ উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, আরও অনেক কথা ছিল, সেগুলো থাক। ইনশাআল্লাহ, বাংলাদেশকে আমরা সবাই মিলে একসঙ্গে গড়ব। আমরা সবাই মিলে এগিয়ে যাব। কোনো বাধা মানব না। বাধা যাই আসুক, তা ডিঙিয়েই এই জাতিকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।