...|...|...

রাজনীতি

চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, রাত ১২:৪০
Shares
চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে পৌঁছান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস।

মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা আব্বাস। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন।

গত ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়ায় যান মির্জা আব্বাস। সেখানে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তার চিকিৎসা চলে। এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন তিনি।

চলতি বছরের ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানান। পরে তার অস্ত্রোপচার করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা নেওয়ার পর তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর ২ সেপ্টেম্বর দেশে ফেরেন তিনি। পরে ফলোআপ চিকিৎসার জন্য আবারও মালয়েশিয়ায় যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।