দেশের চিকিৎসকদের মেধা, দক্ষতা, দেশপ্রেম ও মানবসেবায় আত্মনিবেদন জাতির জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নানা সংকটের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা মানুষের সেবা করে যাচ্ছেন, যা দেশের জন্য বড় অর্জন।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলন ‘হেমোটোকন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার কথা মানুষ হয়তো শুনবে না, কিন্তু একজন চিকিৎসক যখন কোনো কথা বলেন, মানুষ তা শোনে। চিকিৎসকদের মেধা ও যোগ্যতাকে সবাই সম্মান করে। দেশের চিকিৎসকরা দক্ষতা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। চিকিৎসকরা মানুষের সেবায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন এবং এর বিনিময়ে কোনো প্রতিদান প্রত্যাশা করেন না।
তিনি বলেন, দেশের চিকিৎসকদের নিয়ে তিনি গর্ববোধ করেন। বিদেশেও বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা ও অবদানের কথা তুলে ধরেন তিনি।
দেশের হেমাটোলজি চিকিৎসাসেবা আরও শক্তিশালী করার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে দেশের বিভিন্ন স্থানে হেমাটোলজিস্টদের পদায়নের ব্যবস্থা নেওয়া হবে।
দেশের চিকিৎসাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশজুড়ে রেডিওথেরাপি মেশিন স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। থ্যালাসেমিয়া ও লিউকেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


