নারায়ণগঞ্জের একটি পুকুর থেকে উদ্ধার হওয়া মিঠা পানির কুমিরের ঠাঁই হলো গাজীপুর সাফারি পার্কে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের সংশ্লিষ্টরা উদ্ধার হওয়া কুমিরটি সাফারি পার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, ‘নারায়নগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার একটি পুকুরে গত কয়েকদিন যাবৎ একটি কুমির দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগীয় সংশ্লিষ্ট কতৃপক্ষের নির্দেশনায় তিনদিনব্যাপী অভিযান চালিয়ে কুমিরটিকে ধরা হয়। কুমিরটির দৈর্ঘ্য আট ফুট। সংশ্লিষ্টদের নির্দেশনায় কুমিরটি সংরক্ষণ ও পরিপালনের নিমিত্তে সাফারি পার্ক গাজীপুরে পাঠানো হয়েছে।’
তিনি জানান, সেখানে স্থানীয় উপজেলা পরিষদ ও স্থানীয় জনগণ কুমিরটি ধরতে সহযোগিতা করে। তিনি আরও জানান, মিঠা পানির কুমির বা স্বাদুপানির কুমির নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসাবাস করে।
এগুলো সাধারণত লবণাক্ত পানির কুমিরের তুলনায় আকারে ছোট হয়। এদের থুতনি অপেক্ষাকৃত সরু এবং শরীরের রঙ জলপাই বাদামী বা ধূসর হয়। এরা মাংসাশী মূলত মাছ,ব্যাঙ, কচ্ছপ, পাখি পোকামাকড় ও ছোটপ্রাণী শিকার করে। মিঠা পানির কুমির লাজুক স্বভাবের হয় এবং বিরক্ত না করলে মানুষের জন্য তেমন বিপদজনক না।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা (চলতি দায়িত্বে) বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, ‘স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠা পানির একটি কুমির উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।’
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. তারেক রহমান বলেন, ‘রাত ১০ টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকা বিভাগের সংশ্লিষ্টরা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। কুমিরটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে।’


