...|...|...

ধর্ম

চাকরি খুঁজতে খুঁজতে হতাশ? যে দোয়ায় ফল পেয়েছিলেন মূসা (আ.)

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, রাত ৯:২৯
Shares
চাকরি খুঁজতে খুঁজতে হতাশ? যে দোয়ায় ফল পেয়েছিলেন মূসা (আ.)

চাকরি খুঁজতে খুঁজতে হতাশ? যে দোয়ায় ফল পেয়েছিলেন মূসা (আ.)। প্রতীকী ছবি

চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে পড়েছেন? বারবার আবেদন করেও মিলছে না কাঙ্ক্ষিত সুযোগ? এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে সাহায্য ও কল্যাণ কামনায় পড়তে পারেন হজরত মূসা (আ.)-এর একটি দোয়া। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি তিনি করেছিলেন মাদইয়ানে পৌঁছে চরম অসহায় অবস্থায়।

মিশর থেকে বের হয়ে হজরত মূসা (আ.) মাদইয়ানে পৌঁছান। সেখানে তিনি দুই নারীকে তাদের পশুর জন্য পানি তুলতে সাহায্য করেন। এরপর একটি গাছের ছায়ায় আশ্রয় নিয়ে মহান আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বলেন-

আরবি: رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ: রাব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর।

অর্থ: হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।

দোয়াটি পবিত্র কোরআনের সুরা কাসাসের ২৪ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে।

এর পরের আয়াতে বর্ণিত হয়েছে, ওই দুই নারীর একজন হজরত মূসা (আ.)-এর কাছে এসে তাকে তার বাবার সাথে দেখা করার আমন্ত্রণ জানান। পরে তিনি ওই নারীর বাবার কাছে যান এবং সেখানে কাজ ও থাকার সুযোগ পান। পরবর্তী সময়ে ওই পরিবারের সাথেই তার বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে।

লক্ষণীয় বিষয় হলো, হজরত মূসা (আ.)-এর দোয়ায় নির্দিষ্ট কোনো চাওয়া ছিল না। তিনি শুধু আল্লাহর কাছে কল্যাণ কামনা করেছিলেন। তাঁর সেই দোয়া থেকে শিক্ষা নিয়ে জীবনের কঠিন সময়ে, বিশেষ করে কর্মসংস্থানের সন্ধানে হতাশ হলে, আল্লাহর কাছে সাহায্য ও উত্তম কল্যাণ চাওয়া যেতে পারে।

চাকরির আবেদন পাঠানোর আগে, সাক্ষাৎকারে যাওয়ার আগে কিংবা দিনের যেকোনো সময়ে এই দোয়াটি পড়তে পারেন। পাশাপাশি চেষ্টা, যোগ্যতা অর্জন ও হালাল উপায়ে কর্মসংস্থানের সন্ধান চালিয়ে যাওয়াও জরুরি।