কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ মেহেরপুরের ব্যবসায়ীরা। নিয়মিত চাঁদা দিতে হচ্ছে তাদের। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে করা হচ্ছে মারধর। এমনকি থানায় মামলা করতে গেলেও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন খাঁন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মেহেরপুর শহরের পশুহাট এলাকায় জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তাজ উদ্দীন খাঁন বলেন, মেহেরপুরে কিশোর গ্যাং, মাদক, জুয়া ও চাঁদাবাজির সাথে বিএনপির দলীয় নেতাকর্মীরা জড়িত রয়েছেন। কিশোর গ্যাংয়ের অত্যাচারে ব্যবসায়ীরা অতিষ্ঠ। তাদের নিয়মিত চাঁদা দিতে হচ্ছে। চাঁদা না দিলে মারধর করা হচ্ছে। থানায় মামলা করতে গেলেও অভিযোগ নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রশাসনকে দলীয়করণ করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে বিএনপি। এতে দলটির কিছু নেতাকর্মীও জড়িত। সরকারি সেবায় দলীয়করণ বন্ধ করে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ, নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সার ডিলার নিয়োগ ও ফ্যামিলি কার্ড বিতরণে নীতিমালা অনুসরণ এবং ন্যায্যতা নিশ্চিতের দাবিও জানান এই সংসদ সদস্য। এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, হাসপাতালের সিন্ডিকেট এবং সার ডিলার নিয়োগে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করেন তিনি।
সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রেও বিরোধী দলের সদস্যরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে দাবি করেন তাজ উদ্দীন খাঁন। তার অভিযোগ, যেসব আসনে বিরোধী দলের সংসদ সদস্য রয়েছেন, সেসব এলাকায় তাদের বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও সংসদ সদস্যদের বাদ দিয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তাদের হেয়প্রতিপন্ন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন। এ সময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


