কথিত প্রতারক ও জালিয়াত সুকেশ চন্দ্রশেখর জড়িত অর্থ চাঁদাবাজি ও প্রতারণা মামলায় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে সাক্ষী হিসেবে তলব করেছেন দিল্লির একটি আদালত।
গত ১৬ অক্টোবরের এক আদেশে দিল্লির অতিরিক্ত দেওয়ানি ও দায়রা বিচারক গগনদীপ সিং নোরা ফাতেহিকে আগামী ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
শুক্রবার (৩০ অক্টোবর) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের হওয়া এই বহুল আলোচিত চাঁদাবাজি মামলাটির তদন্ত পরিচালনা করছে। পুলিশের দাখিল করা তৃতীয় সম্পূরক অভিযোগপত্রে নোরা ফাতেহিকে ‘৩ নম্বর সাক্ষী’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের সাথে সম্পর্কিত এই প্রতারণা ও অর্থ পাচারের মামলায় নোরা ফাতেহি আগেও একাধিকবার তদন্তকারী সংস্থাগুলোর মুখোমুখি হয়েছেন এবং সাক্ষী হিসেবে নিজের বক্তব্য প্রদান করেছেন।


