...|...|...

ক্যাম্পাস

চবির মূল স্তম্ভে ফ্রি ওয়াই-ফাইয়ের যাত্রা শুরু

চবি প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৭
Shares
চবির মূল স্তম্ভে ফ্রি ওয়াই-ফাইয়ের যাত্রা শুরু

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্ট ও শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীদের জন্য উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ফ্রি ওয়াই-ফাই সেবা চালু হয়েছে।

কয়েক মাসের উদ্যোগ ও সমন্বয়ের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সেখানে প্রথম ওয়াই-ফাই অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়।

স্থাপিত অ্যাক্সেস পয়েন্টটির আওতায় প্রায় ৪৩ হাজার বর্গফুট এলাকা কাভার হবে। ফলে শহীদ মিনার এলাকায় অবস্থানরত শিক্ষার্থীরা মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইসে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

প্রাথমিকভাবে পাসওয়ার্ডের মাধ্যমে এ সেবা ব্যবহার করা যাবে। নেটওয়ার্কের নাম ‘CU’ এবং পাসওয়ার্ড ‘weare@cu’। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেবাটি নির্দিষ্ট করতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ব্যবস্থা করার উদ্যোগ রয়েছে।

শহীদ মিনারের পর ক্যাম্পাসের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের উচ্চ ধারণক্ষমতার অ্যাক্সেস পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে এসব পয়েন্ট চালু হলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বাড়বে।

শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, অনলাইন শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধান ও অন্যান্য ডিজিটাল সেবা ব্যবহারে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইসিটি সেলের পরিচালক, অতিরিক্ত পরিচালক, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেছেন। উদ্যোগটি বাস্তবায়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান সমন্বয় করেন।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান গণমাধ্যমে বলেন, চাকসুর উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় চবির শহীদ মিনার এলাকায় স্থাপিত অ্যাক্সেস পয়েন্টের কভারেজ প্রায় ৪ হাজার ৩০০ বর্গফুট। পরবর্তী সময়ে ওয়াই-ফাই সেবাটি বিশ্ববিদ্যালয়ের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের অ্যাক্সেস পয়েন্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে।