চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, দৈনন্দিন প্রয়োজন মেটানো ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরিতে সেলাই মেশিন প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগ। এর অংশ হিসেবে সোমবার (৫ অক্টোবর) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করা হয়।
এর আগে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলে সেলাই মেশিন দেওয়া হয়। সর্বশেষ দুই হলে মেশিন প্রদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সোমবারের এ কার্যক্রম চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতার উদ্যোগে বাস্তবায়ন করা হয়। এ সময় চাকসুর ভিপি, জিএস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এটি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলেই সেলাই মেশিন থাকায় পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না। পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন, ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনা করে চাকসুর এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায় নতুন সেলাই মেশিন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা হিসেবে কাজ করবে। এজন্য চাকসুকে ধন্যবাদ জানাই।
চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা বলেন, ‘পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আয় করার সুযোগ তৈরি হবে। নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করে তারা বাড়তি আয় করতে পারবেন। নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মেশিন ব্যবহারে বা রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা হলে ছাত্রী কল্যাণ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।,
প্রীতিলতা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, হলে সেলাই মেশিন প্রদান করায় শিক্ষার্থীরা খুশি হয়েছেন। এসব মেশিনের মাধ্যমে তারা দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি বিভিন্নভাবে উপকৃত হবেন।


