...|...|...

সারাদেশ

চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:১৮
Shares
চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চুয়েট উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চিকিৎসা শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে ফিরে ভার্চ্যুয়ালি সিন্ডিকেট সভা ডেকেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় উদ্ধার হন তিনি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফেরেন উপাচার্য।

সিন্ডিকেট সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান জানান, উপাচার্য শুক্রবার সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। সভাটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। তবে ছুটিতে থাকায় তিনি সভায় অংশ নিতে পারবেন কি না, তা নিশ্চিত নন বলে জানান।

সিন্ডিকেটের আরেক সদস্য ও তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উপাচার্য তাকে ক্ষুদে বার্তায় সভার বিষয়ে জানিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়েটের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন অধ্যাপক শেখ শরীফুল আলম। পরে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এরপর অসুস্থ বোধ করায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, সিন্ডিকেট সভা আহ্বানের বিষয়ে উপাচার্যের বক্তব্য জানতে ক্ষুদে বার্তা পাঠানো ও ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।