...|...|...

সারাদেশ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাকের চালান আটক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৪১
Shares
চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাকের চালান আটক

১৫০ টন তামাকের চালান।

চট্টগ্রাম বন্দরে বন্ড সুবিধায় পাকিস্তান থেকে আমদানি করা ১০ কনটেইনারভর্তি ১৫০ মেট্রিক টন কাঁচা তামাকের একটি বড় চালান আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক তামাক দিয়ে আনুমানিক ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট উৎপাদন সম্ভব, যার সম্ভাব্য খুচরা বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এক প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চালানটি ‘গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছিল।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, আটক চালানের প্রাথমিক পর্যালোচনায় আমদানিমূল্যে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। এর মাধ্যমে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ উঠেছে।

একই এইচএস কোডের পণ্য আগে প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলারে শুল্কায়ন করা হলেও এই চালানে প্রতি কেজি তামাকের মূল্য ঘোষণা করা হয়েছে মাত্র ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। অর্থাৎ আগের শুল্কায়নমূল্যের তুলনায় প্রতি কেজিতে ৩ দশমিক ৬৫ মার্কিন ডলার কম দেখানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগের শুল্কায়নমূল্য বিবেচনায় নিলে চালানটির সম্ভাব্য আমদানি শুল্কের পরিমাণ দাঁড়ায় প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আমদানিমূল্য কম দেখানোর মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক সাকিব রায়হান জানান, চালানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার বিকেল ৪টায় চট্টগ্রামের আগ্রাবাদে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।