চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর ফরেস্ট গেট এলাকায় ইমতিয়াজ সুলতান একরাম নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ, পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগীরা এ হামলা চালিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ভিকটিম আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, দুটি মোটরসাইকেলে এসে পাঁচজন যুবক একরামকে গুলি করে পালিয়ে যান। হামলাকারীদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, আহত একরামের স্ত্রী সূচি ফেসবুক লাইভে এসে তার স্বামীকে বড় সাজ্জাদ বাহিনীর সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ করেন। একই সাথে হাসপাতালে তার স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
পুলিশ জানায়, বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম সদস্য সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সাথে ইমতিয়াজ ও তার স্ত্রী সূচির বিরোধ রয়েছে। ছোট সাজ্জাদকে ২০২৫ সালের মার্চ মাসে ঢাকার একটি শপিংমল থেকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) অস্ত্রসহ ইমতিয়াজকে গ্রেফতার করেছিল। বায়েজিদ বোস্তামী এলাকার লিংক রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ফরেস্ট গেটের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলে এসে পাঁচজন একরামকে গুলি করে চলে যায়। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। কেন করেছে বা কারা এই ঘটনার সাথে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার পরিবারের অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে।’


