...|...|...

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:১০
Shares
চট্টগ্রামে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেফতার ১

ছবি: টাইমস টুডে

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশের সরকারি টহল গাড়ি চুরির কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলী এলাকায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে থেকে গাড়িটি চুরি হয়। পরে একই দিন সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেফতার রুবেলকে এ ঘটনায় প্রধান আসামি হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২-এর দিবাকালীন দায়িত্বে থাকা সদস্যরা ছোটপুলের পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি সেখানে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও গাড়িটির সন্ধান পাননি তারা।

পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যায়। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় এবং পুলিশ নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ে নগরীর বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি জোরদার করা হয়।

পুলিশের দাবি, তাৎক্ষণিক তৎপরতা ও সমন্বিত অভিযানের ফলে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পর ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করে হালিশহর থানার বিশেষ আভিযানিক দল।

গ্রেফতার রুবেলের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নে। তিনি বর্তমানে চট্টগ্রামের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার আউলিয়া জামে মসজিদ গলিতে একটি ভাড়া বাসায় থাকতেন।

উদ্ধার হওয়া গাড়িটি নীল রঙের সিঙ্গেল কেবিন পিকআপ। গাড়িটির নম্বর সিএমপি-১৮০। মডেল টাটা ৩.০ লিটার।

পুলিশের ভাষ্য, নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল। গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়া অন্য ব্যক্তিদের এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।