...|...|...

সারাদেশ

চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ৮:৪৭
Shares
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রামে তেলের গুদামে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি মবিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের বাসাবাড়ি ও দোকানপাটে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগা গুদামটি মূলত মবিলের গোডাউন। সেখানে মবিলসহ বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। এ ছাড়া ড্রাম বিস্ফোরণের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

তারা জানান, এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। বাসাবাড়ি ও দোকানপাট পাশাপাশি অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করে বলেন, ‘মাগরিবের নামাজের পর এখানে আগুন লাগে। খবর দেয়ার পর ফায়ার সার্ভিস সময়মতোই এসেছে। তবে এটি সম্পূর্ণ অবৈধ একটি মবিলের গোডাউন। এখানে এক ড্রাম মবিলকে ভেজাল মিশিয়ে তিন ড্রাম করা হতো। তেলের ড্রামগুলো আগুন বাড়িয়ে দিতে পারে বলে ভয়ে আছি আমরা।’

অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। আশপাশের বাসাবাড়ি ও ভবনের ছাদ থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম শুরু করেন।

ঘনবসতিপূর্ণ এলাকায় তেলের গুদামে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল।