চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসায় অভিযান চালিয়ে বীজগুলো উদ্ধার করা হয়।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। তিনি একইসাথে জামেউল উলুম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার (অধ্যক্ষ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসা পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। পরে কক্ষটি খোলার নির্দেশ দিলে ভেতর থেকে ১৩ বস্তা সরকারি আমন ধানের বীজ উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য এসব বীজ বরাদ্দ দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো পাঠানো হয়। প্রায় ১৫ দিন আগেই এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণ করার কথা ছিল।
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী জানান, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজগুলো তিনি মাদ্রাসায় রেখে দেন। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।
উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, সরকারি বরাদ্দের কৃষি উপকরণ নির্ধারিত সময়ে ও সঠিকভাবে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


