রাজধানীর চকবাজারে মনজুর খান প্লাজা নামে একটি সাততলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার পর অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এ এলাকার সড়ক অনেকটা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বেশ বেগ পেতে হয়েছে। পাশের ভবনটি লাগোয়া থাকায় ততক্ষণে আগুনের লেলিহান শিখা বাইরে ছড়িয়ে পড়ে।
তারা জানান, আগুন লাগার পর আশপাশের সব মার্কেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর পাশের ভবনের ছাদে আশ্রয় নেন এখানে থাকা কর্মরতরা। এরই মধ্যে তাদের উদ্ধার করা হয়েছে।
মার্কেটে কর্মরত একজন জানান, এ মার্কেটে চায়ের দোকান রয়েছে। কর্মচারী বা ব্যবসায়ীরা যেন চা পান বা ধূমপান করতে পারেন, এমন দোকান রয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন এই কর্মচারী। তবে এখানে ব্যাগ ও ছাতা সবচেয়ে বেশি বেচাকেনা হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করেছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


