...|...|...

বিশেষ প্রতিবেদন

১৮৬ বছরে ঢাকা কলেজ

গৌরব আছে ইতিহাসে, উন্নয়ন নেই বাস্তবে

আল জুবায়ের বাদশা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৭
Shares
গৌরব আছে ইতিহাসে, উন্নয়ন নেই বাস্তবে

ছবি: টাইমস টুডে

বুকভরা স্বপ্ন নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাউন্টিং বিভাগে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন সাজিদ আহমেদ। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম শুনে তার প্রত্যাশা ছিল অনেক। ভেবেছিলেন, এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলবেন। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর ধীরে ধীরে তার সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ব্যবধান স্পষ্ট হতে থাকে। আবাসিক হলের সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা এবং প্রয়োজনীয় শিক্ষার পরিবেশের অভাব তাকে হতাশ করে। কয়েক মাস ক্লাস করার পর উপলব্ধি করেন, শুধু নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা আর ফিরে আসার মধ্যে সীমাবদ্ধ থেকে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করা কঠিন। শেষ পর্যন্ত ঢাকা কলেজ ছেড়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি।

সাজিদ আহমেদের এই অভিজ্ঞতা কেবল একজন শিক্ষার্থীর ব্যক্তিগত হতাশার গল্প নয়; বরং ১৮৫ বছরের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের বর্তমান শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার একটি প্রতিচ্ছবি।

ফলাফলের খাতা শূন্য

১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ পেরিয়েছে ১৮৫ বছরের দীর্ঘ পথ। উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে একসময় দেশ-বিদেশের শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠানটির ছিল বিশেষ আকর্ষণ। ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ধারক এই কলেজের সাথে জড়িয়ে আছে অসংখ্য কৃতী মানুষের স্মৃতি। ভাষা-আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান প্রতিটি লড়াইয়ে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছেন।  রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রায় ১৮ একর জায়গাজুড়ে অবস্থিত প্রাচীন এই কলেজটি। অথচ এত দীর্ঘ সময় পেরিয়েও প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে তাল মেলানোর ক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা। পুরোনো ও জরাজীর্ণ ভবন, আবাসন সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা, শিক্ষক সংকট, পরিবহন সমস্যা, অপর্যাপ্ত ল্যাব সুবিধা, লাইব্রেরিতে আধুনিক বইয়ের অভাব- সব মিলিয়ে নানা সমস্যায় জর্জরিত শিক্ষার্থীদের দৈনন্দিন শিক্ষাজীবন।

অভিযোগ রয়েছে, প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী এলেই পুরোনো একাডেমিক ভবন, আবাসিক হল ও খেলার মাঠে তড়িঘড়ি করে নামমাত্র রং করা হয়। বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর এই সাময়িক উদ্যোগ চোখে পড়লেও শিক্ষার্থীদের দীর্ঘদিনের মৌলিক সমস্যাগুলোর স্থায়ী সমাধানে দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে ঐতিহ্যের উদযাপন থাকলেও শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে থেকে যাচ্ছে হতাশা।

এমন বাস্তবতায় শুক্রবার (২০ নভেম্বর) পালিত হবে কলেজটির ১৮৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী। পাশাপাশি রয়েছে নানা আয়োজনও।

শ্রেণিকক্ষ সংকটে ব্যহত শিক্ষা কার্যক্রম

ঢাকা কলেজের বর্তমানে ১৯টি বিভাগের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষ সংকট অন্যতম বড় সমস্যা। প্রতিষ্ঠানটির চারটি একাডেমিক ভবনে পাঠদানের উপযোগী শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ৫২টি। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় মিলিয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য এই শ্রেণিকক্ষের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন শিক্ষার্থীরা।

শ্রেণিকক্ষের সংকটের কারণে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হয়। বিশেষ করে পরীক্ষা চলাকালে অন্যান্য বর্ষের ক্লাস বন্ধ রাখতে হয়। আবার উচ্চমাধ্যমিকের ক্লাস শেষ হওয়ার পর একই শ্রেণিকক্ষে অনার্সের ক্লাস শুরু করতে হয়। ফলে নির্ধারিত সময়ে ক্লাস পরিচালনা এবং শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।

৯৫ শতাংশ সিটই পান না

প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে ঢাকা কলেজের আটটি ছাত্রাবাসে আসন রয়েছে মাত্র ১ হাজার ৩৬৪টি। অর্থাৎ বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আবাসিক সুবিধার বাইরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের জন্য এটি বড় ধরনের ভোগান্তির কারণ।

এরসাথে যুক্ত হয়েছে হলগুলোর জরাজীর্ণ অবস্থা। কলেজের ইলিয়াস হল ১৯৯৩ সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে এখনও ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু হয়নি। নতুন আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বিদ্যমান হলগুলোর সংস্কার ও নিরাপদ আবাসন নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের।

পরিবহন, লাইব্ররি ও ল্যাবেও সংকট

শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রেও রয়েছে তীব্র পরিবহন সংকট। প্রতিদিন নির্ধারিত বাসের তুলনায় কয়েক গুণ বেশি শিক্ষার্থীকে যাতায়াত করতে হয়। একটি বাসে যত আসন রয়েছে, তার প্রায় তিন গুণ বা তারও বেশি শিক্ষার্থী যাতায়াতের জন্য নির্ভর করেন সেই পরিবহনের ওপর। ফলে প্রতিদিনই ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের।

অন্যদিকে কলেজের লাইব্রেরি ও রিডিং রুমের পরিসর এবং পরিবেশ নিয়েও রয়েছে অসন্তোষ। শিক্ষার্থীদের অভিযোগ, লাইব্রেরিটি প্রয়োজনের তুলনায় ছোট। রিডিং রুমগুলোর অবস্থাও নাজুক। শিক্ষার্থীদের সংখ্যা ও বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় লাইব্রেরির পরিসর বাড়ানো, আধুনিক বই সংগ্রহ এবং রিডিং রুমের পরিবেশ উন্নত করা জরুরি।

এ ছাড়া বিভিন্ন বিভাগের ল্যাবরেটরিতে অনেক সরঞ্জাম নষ্ট বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে বলে অভিযোগ রয়েছে। আধুনিক ও ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগও সীমিত হয়ে পড়ছে। 

শিক্ষার্থীদের ক্ষোভ

শিক্ষার্থীরা বলছেন, প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু ভবন রং করে আনুষ্ঠানিকতা পালন নয়, বরং দৃশ্যমান উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান শিক্ষার্থীরা। 

ঢাকা কলেজের শিক্ষার্থী সাকিব আল হাসান বলেন, ১৮৬ বছরের ঐতিহ্যবাহী ঢাকা কলেজ আজ শ্রেণিকক্ষ, আবাসন, পরিবহন ও শিক্ষক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত; যা আমাদের স্বাভাবিক শিক্ষাজীবনকে ব্যাহত করছে। রাষ্ট্রের উচিত এমন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দিকে বিশেষ নজর দেওয়া। নতুন একাডেমিক ভবন ও হল নির্মাণ, খাবারের মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং পরিবহন ও চিকিৎসাসেবা বাড়ানো গেলে কলেজের স্বতন্ত্র ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। আমরা শুধু ঐতিহ্যের গল্প নয়, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ঢাকা কলেজ দেখতে চাই।

ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী ওহিদ ফরাজি বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গৌরবময় বিদ্যাপীঠ ঢাকা কলেজের সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের মৌলিক সংকট সমাধানে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ জরুরি। আবাসন সংকট নিরসন ও ছাত্রাবাসে স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধার্থে ক্যাম্পাসে সেলুন, কম্পিউটার ও প্রিন্টিংয়ের মতো প্রয়োজনীয় সেবাকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। আমাদের প্রত্যাশা, নিয়মিত পাঠদান ও আধুনিক শিক্ষা উপকরণের সমন্বয়ে ঢাকা কলেজের ঐতিহ্য কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ না থেকে মানসম্মত শিক্ষা ও আধুনিক পরিবেশের মধ্য দিয়েও জীবন্ত হয়ে উঠবে।

প্রশাসন যা বলছে

কলেজের চলমান সংকট নিরসনে বিচ্ছিন্ন অবকাঠামোগত কাজের পরিবর্তে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অধ্যক্ষ এ কে এম ইলিয়াস। টাইমস টুডেকে তিনি বলেন, আমরা স্থায়ী সমাধান চাই। শুধু একটি ভবন নির্মাণ কোনো প্রকৃত উন্নয়ন নয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে মহামান্য রাষ্ট্রপতি আসবেন তাই কলেজের সার্বিক উন্নয়নে আমরা একটি মাস্টারপ্ল্যান প্রত্যাশা করি এবং আশা করি তিনি এক্ষেত্রে সহযোগিতা করবেন।