...|...|...

খেলা

গোলের রেকর্ড ভেঙে মিশরের ইতিহাসে নতুন রাজা সালাহ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:২১
Shares
গোলের রেকর্ড ভেঙে মিশরের ইতিহাসে নতুন রাজা সালাহ

মোহামেদ সালাহ। ছবি: সংগৃহীত

মিশরের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন মোহামেদ সালাহ। জাতীয় দলের হয়ে ৭০ গোল করে দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন লিভারপুলের সাবেক এই ফরোয়ার্ড। আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে জোড়া গোল করে এই কীর্তি গড়েন ৩৪ বছর বয়সী তারকা।

শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে মালাউইকে ৫-০ গোলে হারায় মিশর। ম্যাচের ৮৪ মিনিটে প্রথম গোল করে সাবেক কোচ হোসাম হাসানের গোলসংখ্যার রেকর্ড স্পর্শ করেন সালাহ। এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে পানেনকা কৌশলে গোল করে নিজের গোলসংখ্যা ৭০ এ নিয়ে যান। এতেই মিশরের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নতুন রেকর্ড গড়েন তিনি।

২০১১ সালে মিশরের জাতীয় দলে অভিষেক হয়েছিল সালাহর। এরপর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১২৩টি ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ ম্যাচের জোড়া গোলেই ছাড়িয়ে গেছেন এত দিন রেকর্ডটির মালিক থাকা হোসাম হাসানকে।

ক্লাব ফুটবলেও দারুণ সময় কাটাচ্ছেন সালাহ। বর্তমানে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরের হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমে লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল। তুর্কি সুপার লিগে প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান রেখে অনন্য এক রেকর্ডও গড়েছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর প্রথম খেলোয়াড় হিসেবে এমন কীর্তি গড়েছেন তিনি।

এর আগে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দীর্ঘ নয় বছরের ক্যারিয়ারেও একাধিক রেকর্ড গড়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে ক্লাবটির হয়ে তার গোলসংখ্যা ১৯১, যা লিগে লিভারপুলের সর্বোচ্চ। এ ছাড়া প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৭৭ গোলে অবদান রাখার রেকর্ডও তার দখলে।