...|...|...

ক্যাম্পাস

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১১:০৩ | আপডেট: ২০ নভেম্বর ২০২৬, সকাল ১১:২৮
Shares
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের একাডেমিক কার্যক্রম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন ধরে চলা আন্দোলন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত এলো। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন তারা। এ সময় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার নামেও স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

মিছিলের পর দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন তারা।

এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এদিকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের অনেকে। তাদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও আনসার সদস্যদের বাইরে অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে দেখা যায়নি।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।