...|...|...

বিশ্ব

গোপনে হরমুজ পেরোনোর চেষ্টা, জাহাজে হামলা চালাল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৫ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৬
Shares
গোপনে হরমুজ পেরোনোর চেষ্টা, জাহাজে হামলা চালাল ইরান

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা একটি সুপারট্যাঙ্কারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সোমবারের (১২ অক্টোবর) এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে বাহিনীটি। সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, জাহাজটি তাদের নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজটির অবস্থান শনাক্তকারী যন্ত্র ‘ট্রান্সপন্ডার’ও বন্ধ ছিল।

এর আগে সপ্তাহান্তে আইআরজিসির নৌ-কমান্ডার আলি ওজমায়েই সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী অতিক্রমের সময় শনাক্ত হওয়া এড়াতে কোনো জাহাজ ট্রান্সপন্ডার বন্ধ রাখলে সেটিকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। পাশাপাশি, মার্কিন বাহিনী নিয়মিতভাবে এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায়ই নিজেদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

এদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, সোমবারের আগের দিন হরমুজ প্রণালী এলাকায় জাহাজে হামলার চারটি পৃথক ঘটনা ঘটেছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে একের পর এক হামলার ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।