রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে নিউ নেশন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, জাসদ নেতা ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটুসহ ৩০ থেকে ৪০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জিপিও মোড় এলাকায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি বৈঠকের প্রস্তুতির খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় কার্যালয়ে অবস্থান করা প্রায় ৪০ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে আলম সারোয়ার টিটুও রয়েছেন। তিনি কিশোরগঞ্জে সাংবাদিকতার পাশাপাশি জাসদের রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় রাজনীতিতে তিনি জাসদ নেতা হিসেবে পরিচিত এবং দলটির সভাপতি হাসানুল হক ইনুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে।
আটকের পর আলম সারোয়ার টিটু জানান, তিনি বর্তমানে থানায় রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা হয়েছে কি না কিংবা তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও আটকের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় দলটির কর্মসূচিকে কেন্দ্র করেও পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করেছে।
আলম সারোয়ার টিটুর বিরুদ্ধে পরবর্তী সময়ে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


