...|...|...

বিশ্ব

ভারতের উত্তর প্রদেশে

গাড়িতে জীবন্ত পুড়ে মরল ৬ বন্ধু, শোকে স্তব্ধ দুই গ্রাম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৪:১৭
Shares
গাড়িতে জীবন্ত পুড়ে মরল ৬ বন্ধু, শোকে স্তব্ধ দুই গ্রাম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে ছয় বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে মুজাফফরনগরের পানিপথ-খাতিমা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয় তরুণই হরিয়ানা রাজ্যের হানসি জেলার দুটি গ্রামের বাসিন্দা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ছয় তরুণকে বহনকারী গাড়িটি মহাসড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ভেতরে থাকা ছয়জনই পুড়ে মারা যান। মুজাফফরনগর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সাহিল (২০), আমান (২১), অজয় (২১), অঙ্কিত (২১), একই নামের অপর অঙ্কিত (২১) ও রাহুল (২৩)। তাদের মধ্যে চারজন রাখিগড়ি এবং দুজন মোথ রঙ্গরান গ্রামের বাসিন্দা। নিহত অঙ্কিত ও রাহুল সম্পর্কে আপন ভাই। আমান, অজয় ও অঙ্কিতদের একজন পড়াশোনা করছিলেন। বাকি তিনজন স্বনির্ভর পেশায় নিয়োজিত ছিলেন।

জানা গেছে, পরিবারের কাউকে কিছু না জানিয়েই রবিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হন ছয় বন্ধু। দীপাবলির উৎসব শেষে সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গায় পুণ্যস্নানের উদ্দেশ্যে হরিদ্বারে যাচ্ছিলেন তারা। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান সবাই।

নিহত সাহিলের বাবা সোম কুমার জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি চালাচ্ছিলেন তার ছেলে। হুন্দাই অরা মডেলের গাড়িটি মাত্র দুই দিন আগে প্রবীণ নামের এক ব্যক্তির কাছ থেকে নিয়েছিলেন সাহিল।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ছয় তরুণের কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতায় লাশগুলো এতটাই পুড়ে যায় যে সেগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

একসাথে ছয় তরুণের এমন মৃত্যুতে তাদের পরিবার ও নিজ নিজ গ্রামে নেমে এসেছে গভীর শোক। নিহতদের কয়েকজনের স্বজন লাশ ফিরিয়ে আনতে ইতিমধ্যে উত্তর প্রদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন।