...|...|...

রাজনীতি

গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন জামায়াত আমির, দ্রুত পদক্ষেপের আহ্বান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৮:৪২ | আপডেট: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:২০
Shares
গার্মেন্টস শিল্পের অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন জামায়াত আমির, দ্রুত পদক্ষেপের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শিল্পটি টিকিয়ে রাখতে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্প বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতি, জ্বালানির উচ্চমূল্য, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বিশ্ববাজারের অনিশ্চয়তা এ খাতের ওপর চাপ তৈরি করেছে। পাশাপাশি ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের তুলনায় কম ক্রয়াদেশ পাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

অন্যদিকে, এ শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। বাড়িভাড়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, যাতায়াত ও চিকিৎসা ব্যয়ের চাপ শ্রমিকদের জীবনকে কঠিন করে তুলেছে।

জামায়াত আমির বলেন, দেশের প্রধান রফতানি খাতকে সচল রাখতে হলে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সরকারকে দ্রুত টেকসই উদ্যোগ নিতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদন কার্যক্রমের গতি বাড়ানোর পাশাপাশি অন্যান্য সমস্যাও যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, ‘শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে।’ তাই শিল্প উদ্যোক্তা ও এ খাতে কর্মরত শ্রমিক-উভয়ের স্বার্থ রক্ষায় সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পোশাকশিল্পের সাথে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, এ সংকট মোকাবিলায় ব্যর্থ হলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও গভীর সংকটের মুখে পড়তে পারে। তাই সমস্যা সমাধানে কোনো ধরনের কালক্ষেপণের সুযোগ নেই।