গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে ‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজন ১-এর নতুন গান ‘মনদোহারি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন শামীম হাসান ও র্যাপার O.E.Z। দেশের স্বনামধন্য সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। গানটির র্যাপ লিরিক লিখেছেন O.E.Z।
‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজন ১-এর এই গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন একে পরাগ। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। গান ও মিউজিক ভিডিওটির নির্মাণে সংশ্লিষ্ট প্রত্যেকেই নিজেদের সৃজনশীলতা ও শ্রম দিয়ে কাজটিকে সমৃদ্ধ করেছেন।
গানটি নিয়ে সংগীত পরিচালক অদিত রহমান বলেন, ‘খুব যত্ন নিয়ে এই সিজনের প্রতিটি গান তৈরি করা হয়েছে। গানের পেছনে প্রত্যেক মানুষের পরিশ্রম অনস্বীকার্য। আমার নিজের স্টুডিওতেই সবগুলো গান ও মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, গানগুলো সবার ভালো লাগবে।’
কণ্ঠশিল্পী শামীম হাসান বলেন, ‘আমার গানের খাতায় “মনদোহারি” শিরোনামে আরেকটি দারুণ গান যুক্ত হলো। আমি ভাগ্যবান যে অদিত ভাইয়ের সুর ও সংগীতায়োজনে গানটি গাওয়ার সুযোগ পেয়েছি। তার সাথে কাজ করার অনুভূতি অন্য রকম। কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত অনেক কিছু শিখছি। এ জন্য অদিত রহমান ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’
গানটির গীতিকার রাকিব হাসান রাহুলের লেখার প্রশংসা করে শামীম আরও বলেন, ‘রাহুল আমার ভীষণ প্রিয় একজন গীতিকবি। তার কথার গাঁথুনিতে আমি মুগ্ধ হয়েছি। তাঁর লেখায় ব্যাপক গভীরতা রয়েছে। দোলা রহমান ও আমার গাওয়া “তোমারই মোহে” গানটিও রাহুলের লেখা। গানচিল মিউজিকসহ এই গানের সঙ্গে যুক্ত সবার প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।’
গীতিকার রাকিব হাসান রাহুল বলেন, ‘মনদোহারি’ গানটি তার মনের খুব কাছের। তাতর ভাষায়, ‘কিছু কথা থাকে, যা লেখার পর নিজেই অবাক হয়ে যেতে হয়। নিজের ভেতরেই আলাদা এক ভালোলাগা তৈরি হয়। এই গানটি ঠিক তেমন একটি গান।’
উল্লেখ্য, ‘ফ্যাটম্যান অরিজিন্যালস’ সিজন ১ থেকে এর আগে সুতপা ও মনকস পার্লের কণ্ঠে ‘মেঘ আড়ালে’ এবং অনিমেষ রায়ের কণ্ঠে ‘তোমার নামের মাটিতে’ শিরোনামের দুটি গান প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন ‘মনদোহারি’।

