শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে আরও ৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর কোর্স সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, ‘দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার সদস্যরা সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও সরকারি স্থাপনার নিরাপত্তায় কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে। তাই দুষ্কৃতিকারীরা যেন শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে আনসার ব্যাটালিয়ন সতর্ক অবস্থানে রয়েছে। থানা ও ওয়ার্ডভিত্তিক আনসারের জনবল আগে থেকেই বিভিন্ন তথ্য সরবরাহ করছে। ফলে কারা কোথায় নাশকতার পরিকল্পনা করছে, সে বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। দুষ্কৃতিকারীদের মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতিও রয়েছে।
এর আগে আনসার একাডেমিতে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, একাডেমির কমান্ড্যান্ট ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। পাসিং আউট অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনজন অঙ্গীভূত আনসার সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, অঙ্গীভূত আনসার সদস্যরা তিন মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরে সমাপনী কুচকাওয়াজে তাদের মনোমুগ্ধকর শারীরিক কসরত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।


