...|...|...

সারাদেশ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

ছবি: টাইমস টুডে

গাজীপুরের গাছা থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কার্তিক, তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।

ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বাংলাদেশ ইয়্যূথ রেভ্যুলেশনের গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান। তিনি জানান, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেন। লাশের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।