গাজা উপত্যকাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে। ভোর থেকে উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গাজা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আট বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
এ ছাড়া, গাজা শহরের আল-জাওয়াজাত এলাকায় ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোনের হামলায় শাহদ আব্দুল রাজ্জাক আল-নাজ্জার নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।
সংস্থাটি আরও জানায়, খান ইউনিসে পৃথক ঘটনায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক নারী আহত হয়েছেন।
এদিকে, গাজা শহরের উপকূলের কাছে ইসরায়েলি নৌযান থেকে গুলি চালানো হয়েছে। একই সঙ্গে শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ইসরায়েলি সামরিক যান থেকেও গুলি চালানোর খবর জানিয়েছে ওয়াফা।


