...|...|...

সারাদেশ

বাবার মৃত্যুর দিনেও থামেনি সেবা

গর্ভবতী মায়েদের আস্থার নাম আফরিন আরা, ১২ বছরে করেছেন আড়াই হাজার নরমাল ডেলিভারি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, রাত ৮:৩০
Shares
গর্ভবতী মায়েদের আস্থার নাম আফরিন আরা, ১২ বছরে করেছেন আড়াই হাজার নরমাল ডেলিভারি

গর্ভবতী মায়েদের আস্থার নাম আফরিন আরা। ছবি: টাইমস টুডে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরা। প্রায় এক যুগ ধরে কর্মরত আছেন। চাকরির শুরুতে গর্ভবতী মায়েদের কষ্ট দেখে প্রতিজ্ঞা করেন যতদিন চাকরিতে থাকবেন ততদিন গর্ভবতী মায়েদের সেবা দিয়ে যাবেন। যেই কথা সেই কাজ- এরপর শুরু করেন সেবা।

একজন গর্ভবতী মাকে নরমাল ডেলিভারির সুবিধা অসুবিধা তুলে ধরে সচেতন করেন । এরপর তার পরিবারের লোকদের বোঝান। গর্ভবতী মাকে নিয়মিক চেকআপে রাখেন। পরিবার কল্যাণ কেন্দ্রে নিজ হাতে চিকিৎসা দেন। এরপর বাচ্চা ভূমিষ্ঠের সময় হলে নরমাল ডেলিভারি করান। 

গত ১২ বছরে আড়াই হাজার গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করেছেন আফরিন আরা। এলাকার গর্ভবতী মা ও তার স্বজনদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এমন সেবাদানে আফরিন আরাকে নিয়ে গর্ব এলাকাবাসী। ৭ দিন ২৪ ঘণ্টা গর্ভবতী মায়েদের সেবা দেন আফরিন আরা। এ কাজে তাকে তার সহকর্মীরাও সহযোগিতা করেন।

বেগমপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মো. আলমগীর কবীর বলেন, আফরিন আরা আমাদের সবার সহযোগিতা নিয়ে নরমাল ডেলিভারি করে এলাকায় সাড়া ফেলেছেন। আমাদের স্বাস্থ্য কেন্দ্র এবং আফরিন আরা প্রসূতিদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। 

আফরিন আরা বলেন, অনেক সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা মায়েদের সেবা বিশেষ করে ডেলিভারির মতো কাজটি নিয়মিত করে যাচ্ছি। গ্রামাঞ্চলের মায়েরা আমাদের সেবা পেয়ে খুশি। এভাবেই আমরা মায়েদের পাশে থাকতে চায়। এ জন্য সরকার ও সবার সহযোগিতা আরো দরকার।

২০১৩ সালের ১১ এপ্রিল যোগদানের পর থেকে আজ পর্যন্ত বিশেষ কারণ ছাড়া ছুটি কাটাননি আফরিন আরা। ঈদের দিনেও বাচ্চা ডেলিভারি করেছেন। তার বাবার মৃত্যুর দিনেও ডেলিভারি করেছেন। এমন অসংখ্য উদাহরণ রয়েছে আফরিন আরার ১০ বছরের কর্মজীবনে।    

যতদিন বেঁচে থাকবেন ততদিন গর্ভবতী মায়েদের সেবা করে যেতে চান আফরিন আরা। আফরিন আরা স্বামী আবু সায়েমও চাকরি করেন পরিবার পরিকল্পনা অধিদফতরে। চাকরির শেষে অবসর জীবনে স্বামী-স্ত্রী মিলে গড়ে তুলতে চান গর্ভবতী মায়েদের সেবাদান কেন্দ্র।