...|...|...

শিক্ষা

গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০
Shares
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন যেভাবে

ছবি: টাইমস টুডে

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এ অনুদান দেয়া হবে। আগ্রহী শিক্ষকদের কাছ থেকে অনলাইনে প্রকল্প প্রস্তাব আহ্বান করেছে সংস্থাটি।

নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে। প্রকল্পের ধরন ও গবেষণার বিষয়ভেদে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে।

গবেষণা প্রকল্পের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত অনুদান দেয়া হবে। তবে প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ ভিন্ন হবে।

কোন গবেষণা প্রকল্পে কত অনুদান

ইউজিসি দুই ধরনের গবেষণা প্রকল্পে অনুদান দেবে। প্রকল্পের ধরন ও শাখাভেদে অনুদানের পরিমাণ হলো-

১. প্রমোশনাল গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।

২. একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা।

আবেদনে কী কী যোগ্যতা প্রয়োজন

গবেষণা প্রকল্পের ধরন অনুযায়ী আবেদনকারীদের আলাদা যোগ্যতা থাকতে হবে। যোগ্যতাগুলো হলো-

প্রমোশনাল গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হতে হবে। পাশাপাশি স্বীকৃত ইনডেক্সড জার্নালে তার অন্তত দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।

একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্প: আবেদনকারীকে পূর্ণকালীন সহযোগী অধ্যাপক বা অধ্যাপক হতে হবে। স্বীকৃত ইনডেক্সড জার্নালে তার অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। এর মধ্যে কমপক্ষে দুটি প্রবন্ধে তাঁকে করেসপন্ডিং অথর বা লাস্ট অথর হতে হবে।

আবেদনে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্তাবলি

১. আবেদন করার আগে ইউজিসির নির্ধারিত শর্তগুলো জেনে নিতে হবে।

২. একজন প্রধান গবেষক একই অর্থবছরে একাধিক ক্যাটাগরিতে প্রকল্প প্রস্তাব জমা দিতে পারবেন না।

৩. ইউজিসির অর্থায়নে চলমান কোনো গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নতুন প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।

৪. গবেষণা প্রকল্পের অর্থ ব্যয়, বাস্তবায়নসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমে ইউজিসির প্রণীত নীতিমালার শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

৫. প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদ হবে এক বছর।

আবেদন করবেন যেভাবে

গবেষণা প্রকল্পের প্রস্তাব অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো প্রকল্প প্রস্তাব গ্রহণ করবে না ইউজিসি। আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

১. প্রথমে ইউজিসির নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করতে হবে। সরাসরি আবেদন করতে ভিজিট করুন এখানে।  

২. প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নীতিমালা, শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য ইউজিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখানে ‘গবেষণা প্রকল্প/গবেষণা সহায়তা মঞ্জুরী (গবেষণা প্রকল্প)’ এবং ‘অনলাইনে আবেদন (গবেষণা প্রকল্প প্রস্তাব দাখিল)’ শীর্ষক দুটি সেবা বাক্সে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া রয়েছে।

৩. অনলাইনে প্রকল্প প্রস্তাব যথাযথভাবে জমা দেয়ার পর এর দুটি প্রিন্ট কপি বা হার্ড কপি প্রস্তুত করতে হবে। এর মধ্যে এক সেটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা থাকবে না। অন্য সেটে গবেষক ও বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানাসহ যথাযথ প্রত্যয়ন ও সুপারিশ থাকতে হবে। অনলাইন পোর্টালে দুটি প্রিন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে।

৪. প্রস্তুত করা দুটি প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।

৫. আবেদনে কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে বা প্রয়োজনীয় তথ্য না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে। তাই আবেদন জমা দেওয়ার আগে সব তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিতে হবে।