গণভোটের রায় অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
বুধবার (৭ অক্টোবর) বিকালে লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত ৫০ শতাংশ ভোটের নির্বাচনে বিএনপি সরকার গঠন করল, অথচ ৭০ শতাংশ ভোটের গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হলো না। গণভোটের এই রায় অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ।
তিনি বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে দেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দেবে। ৩৩টি রাজনৈতিক দলের সাথে ৮০ বার বৈঠকের পরও ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতার কারণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখা হয়েছে আর রাষ্ট্রপতিকে কাঠের পুতুল বানিয়ে রাখা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে প্রায় ১ হাজার ৫০০ তরুণ শহীদ হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মূল দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এবং কোটা প্রথা বাতিল করা। কিন্তু সরকার তা এখনো বাস্তবায়ন করেনি।
বর্তমান সরকারের সমালোচনা করে মামুনুল হক বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতোই বর্তমান সরকারও পুলিশ ও ছাত্র সংগঠনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। দেশে সিন্ডিকেট করে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দাম বাড়ানোর পরপরই এসব সংকট উধাও হয়ে যায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে।
পরিশেষে তিনি দ্রুত সংবিধান সংশোধন করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের জোর দাবি জানান।


